ঝাড়ুদারের ইনজেকশনে শিশুর মৃত্যু, এলাকাবাসীর ক্ষোভ
কিশোরগঞ্জে ঝাড়ুদারের দেওয়া ইনজেকশনে ইমা আক্তার (৯) নামের তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ এলাকাবাসী শোক মিছিল করেছে। সরকারি গুরুদয়াল কলেজ মাঠ থেকে বের হয়ে মিছিলটি শহর ঘুরে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ইমার চাচাতো ভাই হাবিবুর রহমানসহ এলাকাবাসী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ রোববার কমিটি ইমার ভর্তি রেজিস্টার, হাসপাতালে রোগী রেজিস্টার, ব্যবস্থাপত্রসহ অন্য কাগজপত্র জব্দ করেছে।শোক মিছিলে সংস্কৃতিকর্মী মারুফ আহমেদ বলেন, ‘চিকিত্সক হাবিবুর রহমান স্কুলছাত্রী ইমাকে প্রথমে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত দেন। পরে তিনি রোগীকে হাসপাতাল থেকে না ছেড়ে (ডিসচার্জ) আবার শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করেন। পরে আবার ইমাকে হাসপাতালে পাঠালেন। পুরো বিষয়টি রহস্যজনক। শুধু টাকার জন্য তিনি এটা করেছেন, তা সবার কাছে পরিষ্কার।’ তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে হাসপাতাল থেকে রোগী ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের।’ কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মায়া ভৌমিক বলেন, ‘ইমার মৃত্যু হাসপাতালের অব্যবস্থাপনা ও কর্মরত চিকিত্সকদের দায়িত্বহীনতারই বহিঃপ্রকাশ। এটা হত্যাকাণ্ড, এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সারোয়ার খান বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, হাসপাতাল ও সম্ভাব্য স্থানে আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সবাই পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের ব্যাপারে খোঁজখবর করা হচ্ছে। ইমার মৃত্যু সম্পর্কে চিকিত্সকদের বক্তব্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিত্সক বলেছেন, অ্যান্টিবায়টিক ফুরোসেফ (Furocef) ইনজেকশন দেওয়ার পরই ইমার মৃত্যু হয়। ঝাড়ুদার ইনজেকশন দেওয়ার কারণে ইমার মৃত্যু হয়েছে বলে তাঁদের ধারণা। কারণ, এই ইনজেকশনটি একটু সময় নিয়ে আস্তে আস্তে দিতে হয়। কিন্তু ঝাড়ুদার রাফিজা আক্তার দ্রুত ইনজেকশন দেন। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় ইমার মৃত্যু হয়েছে। ওই চিকিত্সকেরা জানান, ফুরোসেফ ইনজেকশন একটি অ্যান্টিবায়োটিক, যেটি ঘা শুকানোর জন্য দেওয়া হয়। ইনজেকশনটি আস্তে ধীরে সময় নিয়ে দিতে হয়। কারণ, এই ইনজেকশন হঠাত্ করে দিলে রক্তের ঘনত্ব বেড়ে যেতে পারে। রক্তের ঘনত্ব বেড়ে গিয়ে খিঁচুনি হতে পারে, এমনকি হূিপণ্ড, যকৃত্ ও মস্তিষ্কে আঘাত আনতে পারে। কেমন আছে ইমার পরিবারকাতিয়ারচরে ইমাদের বাড়িতে গিয়ে দেখা গেছে, দরিদ্র পরিবারটিকে সাহায্য করার মতো কেউ নেই। ইমাকে হারিয়ে মা রেখা আক্তার এখনো অচেতন। ইমার কাঠমিস্ত্রি বাবা জালাল মিয়া মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ। গত শুক্রবার রাতে কিশোরগঞ্জে ঝাড়ুদারের দেওয়া ইনজেকশনে ইমার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত সেবিকা আকলিমা খাতুন ও ঝাড়ুদার রাফিজা আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে। এ ঘটনায় আকলিমা, রাফিজাসহ চিকিত্সক হাবীবুর রহমানকে আসামি করে একটি মামলা করা হয়েছে। তাঁরা তিনজনই পলাতক রয়েছেন।