ঝিকরগাছায় বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১
যশোর-ঝিকরগাছা সড়কের ঝিকরগাছা ট্রাক টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।পিকআপের চালক আবুল কালাম (৩২) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামে। গুরুতর আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, যাত্রীবাহী একটি বাস ঝিকরগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিল। ঝিকরগাছা ট্রাক টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা লিচু বহনকারী একটি পিকআপের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হন।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে জানান, বেপরোয়া গতিতে চালানোর কারণে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ জন্যই এ দুর্ঘটনা ঘটে। বাস ও পিকআপ পুলিশের কাছে আছে বলে তিনি জানান।