ঝিকরগাছায় বোমা হামলায় ইউপি চেয়ারম্যান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নে সন্ত্রাসীদের ছোড়া বোমার বিস্ফোরণে চেয়ারম্যান শওকত আলী (৫০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঝিকরগাছা বাজারে বিএনপির এক নেতার বাড়িতে বৈঠক করার সময় এ হামলা চালানো হয়। এতে বিএনপির কর্মী অলিয়ার রহমানও আহত হন। আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় নিহত শওকত আলীর ভাই লিয়াকত আলী বাদী হয়ে আজ বুধবার দুপুরে ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলায় সাদিপুর গ্রামের মিন্টু (২৫), পিন্টু (২০) ও সোহাগ (২০) এবং বল্লা গ্রামের আবুল (২৫) ও ইসলামকে (২৫) আসামি করা হয়েছে। তাঁরা সবাই আওয়ামী লীগের কর্মী।পুলিশ জানায়, শওকত আলীর বাড়ি উপজেলার নোয়ালী গ্রামে। তিনি চেয়ারম্যানের পাশাপাশি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বেও ছিলেন। আহত অলিয়ার রহমানের বাড়ি উপজেলার মোবারকপুর গ্রামে।ওই সময় বোমা হামলার প্রতিবাদে বিএনপির নেতারা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ করা হয়। বোমা বিস্ফোরণের পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। ঈদে বাজার করতে আসা মানুষ চরম ভোগান্তিতে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।যশোরের সহকারী পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, শওকত আলী সন্ধ্যায় বিএনপির নেতা শফিউল আজমের বাড়ির উঠানে বসে বৈঠক করছিলেন। এ সময় এলাকার দু-তিনজন যুবক একটি সনদে স্বাক্ষর করানোর জন্য তাঁর কাছে আসেন। পরে তাঁরা চেয়ারম্যানকে একটু উঠে আসার জন্য অনুরোধ করেন। চেয়ারম্যান উঠে তাঁদের কাছে আসতেই তাঁদের মধ্য থেকে একজন একটি বোমা ছুড়ে মারেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রায় আধঘণ্টা পর তিনি মারা যান।পুলিশ সুপার কামরুল আহসান জানান, যশোর শহর ও ঝিকরগাছা বাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কাউকে গেপ্তার করা হয়নি।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, আসামি মিন্টুর বাবা সিরাজ এবং পিন্টুর বাবা রুহুল দুই ভাই। তাঁরা দুজনই খুন হয়েছিলেন। ওই দুই খুনের মামলায় নিহত চেয়ারম্যান আসামি ছিলেন।