ঝিনাইদহ ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ ও মাগুরায় গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার তিনটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছে।ঝিনাইদহে নিহতেরা হলেন সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের আজিবর রহমানের ছেলে কাঠমিস্ত্রি আকিদুল ইসলাম (১৮), চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের আবুল কবিরাজের ছেলে ইকরামুল হক (৩২) ও একই গ্রামে সাদেক আলীর ছেলে মিজানুর রহমান (২৮)। মাগুরায় নিহত নারীর নাম ঝরনা বেগম (৫০)। তিনি মাগুরা শহরের পারনান্দুয়ালী চরপাড়ার লিটন মিয়ার স্ত্রী। মাগুরা: পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা-শ্রীপুর সড়কের কামারবাড়ির এলাকায় আজ সকাল সাড়ে ১০টার দিকে ঝরনা বেগম অটোরিকশা থেকে নামতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ঝিনাইদহ: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইকরামুল ও মিজান গতকাল সন্ধ্যায় ঝিনাইদহের মধুপুর গ্রামে বিয়ের জন্য মেয়ে দেখতে যায়। মেয়ে দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটিতে পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাঁদেরকে চাপা দেয়। স্থানীয় লোকজন মুুমূর্ষু অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুজনই মারা যান। এদিকে, একই সড়কের মধুপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক একটি ভ্যানকে চাপা দিলে কাঠমিস্ত্রি আকিদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। তিনি ঝিনাইদহ শহর থেকে ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন। এ ঘটনায় ভ্যানচালক জামিরুল ইসলাম গুরুতর আহত হয়। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকেরা জানিয়েছেন।ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।