ঝিনাইদহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহআজ সকালে মহেশপুর উপজেলার আলামপুর এলাকায় শিক্ষকের কাছে পড়তে যায় আরিফুল ইসলাম (৯) ও হূদয় (৮)। সেখান থেকে ফেরার পথে কোটচাঁদপুর-আলামপুর সড়কের আলামপুরে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। নিহত দুজন আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। আরিফুল আলামপুর গ্রামের আলী আজম এবং হূদয় একই গ্রামের আমান উল্লাহর ছেলে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, এ বিষয়ে এখনো মামলা দায়ের করা হয়নি। সিরাজগঞ্জআজ সকাল আটটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের পাঁচলিয়া আজিজ ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা সাতজন গুরুতর আহত হন। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মাছ ব্যবসায়ী আবদুল আজিজ মারা যান। তাঁর বাড়ি সদর উপজেলার বনবাড়িয়া গ্রামে।এদিকে গতকাল বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই সোলেমান নামের এক ব্যক্তি নিহত ও আরও তিনজন আহত হন। সোলেমানের বাড়ি কামারখন্দ উপজেলায়।এ ছাড়া ওই দিন সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া এলাকায় একটি বাস বাছেদ আলী নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বাড়ি ঈশ্বরদীতে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ প্রথম আলো ডটকমকে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনার ঘটনায় তিনটি মামলা করা হয়েছে।