ঝিনাইদহ ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন
ঝিনাইদহ ক্যাডেট কলেজে আট দিনব্যাপী আন্তক্যাডেট কলেজ সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা ৮ আগস্ট শেষ হয়েছে। এ প্রতিযোগিতায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন এবং ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ রানারআপ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যশোর সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম জাহেদা রহমান। ১ আগস্ট প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ১৯টি ইভেন্টে নয়টি বয়েজ ও তিনটি গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কলেজগুলো হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। কিরাত, দেশাত্মবোধক, নজরুল ও রবীন্দ্রসংগীত, লালনগীতি, ভাওয়াইয়া, পল্লিগীতি, হাসন রাজার গান, উচ্চাঙ্গসংগীত, কবিতা, আবৃত্তি, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, অভিনয় ও কুইজ বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।