ঝিনাইদহ পলিটেকনিক শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, আহত ২০
পদমর্যাদা বহাল রাখার দাবিতে আন্দোলনরত ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। পুলিশ লাঠিপেটা করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে গেলে দুই পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চার শিক্ষার্থীকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টার দিকে ‘পদমর্যাদা দ্বিতীয় চাই, নামকরণ পরিবর্তন নয়’ দাবিতে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা ঝিনাইদহ-মাগুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। পরে তাঁরা পার্শ্ববর্তী বাস টার্মিনালে গিয়ে ছয়টি যানবাহন ভাঙচুর করেন। এ সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে যায়। তারা লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। লাঠিপেটার সময় শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকেরা পুলিশ-র্যাবকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।