ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ভোট গণনা চলছে
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। বর্তমানে ৩৭টি ভোটকেন্দ্রে চলছে ভোট গণনা। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।নির্বাচনে চারজন মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর পদে ৪৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ পৌরসভায় মোট ভোটার ৬৩ হাজার ৫৪৩ জন। এর মধ্যে ৩১ হাজার ১৯৮ জন পুরুষ এবং ৩২ হাজার ৩৪৫ জন নারী ভোটার।সরেজমিনে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, সকালের দিকে ভোটারের উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে।অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে এক হাজারেরও বেশি পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২২ জন ম্যাজিস্ট্রেট, পুলিশের তিনটি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স এবং র্যাবের নয়টি টহল দল নির্বাচনে দায়িত্ব পালন করছে বলে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানিয়েছেন।