ঝিনাইদহে অপহরণের পর পুলিশ কর্মকর্তা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের ডাকবাংলো পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলামকে (৪৫) শ্বাস রোধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পাশে ১৮ মাইল নামক এলাকায় একটি ধানখেতের আইল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।গতকাল মঙ্গলবার রাতে অপহরণ করে সন্ত্রাসীরা। এরপর রশি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করা হয়। তাঁর কাছে থাকা ওয়াকিটকি, একটি পিস্তল ও ১৪টি গুলি নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।নিহত মিরাজুল কুষ্টিয়ার খোকশা উপজেলার বিহারীয়া শেখপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।ডাকবাংলো পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ আক্তার হোসেন জানান, মিরাজুল ইসলাম গতকাল রাত সাড়ে আটটার দিকে শহর থেকে ডাকবাংলো ক্যাম্পের উদ্দেশে রওনা দেন। কিন্তু পথে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে থেকে সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে। পরে ওই স্থান থেকে রাতেই পুলিশ তাঁর ব্যবহূত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করলেও মিরাজুলকে খোঁজে পায়নি। আজ সকালে ১৮ মাইল এলাকায় ধানখেতের আইলের ধারে কলাগাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর লাশ এলাকাবাসী দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, মিরাজুলের হাত-পা ও মুখ শক্ত করে বেঁধে পানিতে ডুবিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে। মিরাজুলের ভগ্নিপতি শাহিনুর রহমান জানান, পুলিশ তত্পর হলে তাঁকে জীবিত উদ্ধার করা যেত। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।আরেক ভগ্নিপতি শামিম হোসেন জানান, নিহত মিরাজুল ইসলামের স্ত্রী ও দুই শিশুপুত্র রয়েছে।