ঝিনাইদহে আ.লীগ নেতাকে জবাই
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের যাদবপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলামকে (৩৮) গত মঙ্গলবার রাতে জবাই করেছে সন্ত্রাসীরা। আসাদুলকে নিজ বাড়ি সদর উপজেলার যাদবপুর গ্রাম থেকে অপহরণ করে পার্শ্ববর্তী শ্যামনগর গ্রামের মাঠে নিয়ে জবাই করে ফেলে রাখা হয়। পরিবারের দাবি, চাঁদা না পেয়ে তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। আসাদুলের ফুফাতো ভাই সাগর জানান, একটি সন্ত্রাসী দল আসাদুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় রাত সাড়ে ১১টার দিকে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাঁর বাড়িতে গিয়ে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এ সময় ছোট ভাই শরিফুল ইসলাম বাধা দিতে গেলে তাঁকে বেঁধে রেখে যায়। রাতে তাঁরা অনেক খুঁজেও আসাদুলের সন্ধান পাননি। গতকাল সকালে পাশের শ্যামনগর গ্রামের লোকজন মাঠে আসাদুলের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। গ্রামবাসী জানান, সন্ত্রাসীরা আসাদুলের বাড়িতে যাওয়ার আগে পাশে আনিছুর রহমানের বাড়িতে হানা দেয়। সেখান থেকে তারা চাঁদা হিসেবে ১৮ হাজার টাকা নিয়ে যায়।ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। চাঁদার কারণে এ হত্যাকাণ্ড হয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সন্ত্রাসীরা তাঁর কাছে প্রায় দুই মাস ধরে চাঁদা চেয়ে আসছিল বলে পরিবারের লোকজন অভিযোগ করেছে। আনিছুরের বাড়ি থেকে ১৮ হাজার টাকা নেওয়ার বিষয়টিও এসআই রেজাউল নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, ‘আসাদুল ইসলাম আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা। ব্যক্তিগত জীবনে তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত। আমরা সংগঠনের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।’