ঝিনাইদহে আওয়ামী লীগের নেতাকে জবাই
চাঁদা না পেয়ে ঝিনাইদহে স্থানীয় আওয়ামী লীগের নেতা আসাদুল ইসলামকে (৩৮) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আজ বুধবার সকালে পার্শ্ববর্তী শ্যামনগর গ্রামের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।নিহত আসাদুলের পরিবার ও পুলিশ জানায়, আসাদুল সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের যাদবপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সন্ত্রাসীরা মুঠোফোনের মাধ্যমে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল। কিন্তু তিনি চাঁদা দেবেন না বলে জানালে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ১০-১২ জন সন্ত্রাসী তাঁকে বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও আসাদুলের সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশও রাতভর তাঁকে উদ্ধারের চেষ্টা করে। আজ সকালে শ্যামনগর গ্রামের লোকজন বুড়ি বটতলা এলাকার মাঠে একটি জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে।