ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান খুন
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) রুহুল আমিন বিশ্বাসকে (৪৬) সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। গতকাল রোববার রাতে শহরের হামদহ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রুহুল আমিন সদর উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা। একসময় তিনি চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এমএল হক গ্রুপ) সদস্য ছিলেন। নব্বইয়ের দশকে এ সংগঠনের চারজন নেতা অপহরণের পর গুম হলে তাঁকে অভিযুক্ত করা হয়। একপর্যায়ে রুহুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এরপর রুহুল আমিন পালিয়ে নিজের নামে একটি বাহিনী গড়েন। পরে পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারের শুরুর দিকে রুহুল কারাগার থেকে ছাড়া পেয়ে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত আটটার দিকে রুহুল হামদহ এলাকায় আলফালাহ হাসপাতালের সামনে দাঁড়িয়ে কয়েকজন লোকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পাঁচ-ছয়জন সন্ত্রাসী এসে তাঁকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। একপর্যায়ে রুহুলের ওপর গুলি চালানো হয়। এরপর চার-পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকি ৎ সক ইউপি চেয়ারম্যান রুহুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গতকাল রাতে ম ৎ স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই সদর হাসপাতালে নিহত রুহুলকে দেখতে যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, শত্রুতাবশত প্রতিপক্ষের সন্ত্রাসীরা রুহুলকে হত্যা করেছে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি রামদা ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে।