ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় রবিউল ইসলাম (৩৫) নামের বেসরকারি সংস্থার (এনজিও) একজন কর্মী ও শৈলকুপা উপজেলায় ফুলি খাতুন (৩৮) নামের একজন গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে।এদিকে নওগাঁর বদলগাছী উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আমিনুল হাসানকে (৫৩) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে জয়পুরহাট সদর উপজেলার বেলআমলা গ্রামের বারোশিবালয় মন্দিরের রাস্তার পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।রবিউলের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর গ্রামের বিষারত আলীর ছেলে রবিউল বাড়ির নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে একদল সন্ত্রাসী ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে এবং রবিউলকে জবাই করে হত্যা করে। রবিউল সদর উপজেলার ডাকবাংলা বাজারে বেসরকারি সংস্থা আশার একজন কর্মী।গতকাল রাত নয়টার দিকে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় রবিউলের পরিবার মামলা করবে বলে জানিয়েছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাঁদের ধারণা।গৃহবধূ ফুলি খাতুনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে ফুলি খাতুন কিছু দিন থেকে একাই বসবাস করে আসছেন। গত সোমবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা ফুলি খাতুনকে তাঁর বাড়ি থেকে তুলে পাশের মাঠে নিয়ে কুপিয়ে ও জবাই হত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।জয়পুরহাট সদর থানা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বাদলগাছী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এবং বাদলগাছীর চাংলা গ্রামের আবদুল গফুর মণ্ডলের ছেলে আমিনুল গত সোমবার নওগাঁর পাহাড়পুরে আসেন। ওই দিন দুপুরে তিনি মুঠোফোনে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। রাত আটটার পর তাঁর মুঠোফোনটির সংযোগ বন্ধ পাওয়া যায়। ওই দিন রাতে সদর উপজেলার বেলাআমলা গ্রামের ওই স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে। খবর পেয়ে জয়পুরহাট শহরে অবস্থানরত আমিনুলের শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনেরা থানায় গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরের দিকে আমিনুলের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়ার বাসিন্দা আমিনুলের শ্যালক রেজাউল ইসলাম বলেন, আমিনুল নওগাঁ জেলার পল্লী বিদ্যুৎ পরিচালক সমিতির সহসভাপতি ছিলেন। দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছে।গতকাল রাত আটটার দিকে জয়পুরহাট সদর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন বলেন, আমিনুলের পরিবার এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে। আমিনুলকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।