ঝিনাইদহে জামায়াতের এক নেতা আটক
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ও জামায়াতের নেতা মোসলেম উদ্দীনকে আটক করেছে পুলিশ। আজ রোববার শহরের পোস্ট অফিস মোড় থেকে তাঁকে আটক করা হয়।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে মোসলেম উদ্দীন বেশ কিছু লোকজন নিয়ে হাজির হন। এতে শহরে উত্তেজনার সৃষ্টি হলে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় তাঁকে আটক করা হয়।এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ শহর শাখার আমির মোহাম্মদ ছগির আহম্মেদ জানান, বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ ঝিনাইদহ শহরে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশে যোগ দিতে মোসলেম উদ্দীন শহরে এলে পুলিশ তাঁকে আটক করে। এ ছাড়া পুলিশের বাধায় প্রতিবাদ সমাবেশ পণ্ড হয়ে যায়।