ঝিনাইদহে ঝড়ে মাদ্রাসার ছাত্রের মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় ঝড়ের কবলে পড়ে একজন মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল হামিদ (১৫)। সে ছোট ধলহরাচন্দ্র গ্রামের জাফর মল্লিকের ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শৈলকুপা শহর থেকে বাড়ি ফেরার পথে পাইকপাড়া ব্রিজে ঝড়ের কবলে পড়ে তার মৃত্যু হয়।ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, হামিদ গতকাল রাত সাড়ে আটটার দিকে শহর থেকে বাইসাইকেলে করে নিজ গ্রামে ফিরছিল। পাইকপাড়া গ্রামের মাঠের ব্রিজের ওপর পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। ঝড়ের ঝাঁপটায় সে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গতকাল রাতে নিহতের পরিবারের লোকজন ও গ্রামবাসী তার মৃতদেহ উদ্ধার করে। নিহত হামিদ কোরআনে হাফেজ। সে এ বছর স্থানীয় পাঁচপাখিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিজ থেকে নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।