ঝিনাইদহে ট্রাকচাপায় জামায়াত নেতাসহ নিহত ২
ঝিনাইদহ শহরের ট্রাক টার্মিনাল এলাকার রাস্তায় আজ বুধবার সকালে ট্রাকের চাপায় জামায়াত নেতাসহ দুজন নিহত এবং দুজন আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে সকাল ছয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কুষ্টিয়া-যশোর সড়কে যান চলাচল বন্ধ রাখে স্থানীয়রা। নিহতেরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মোসাদ্দিক হোসেন লাল্টু (৩৫) এবং শহরের কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম (৫৫)। আহত দুজন স্থানীয় হোমিও চিকিত্সক মিজানুর রহমান (৫০) ও তাজুল ইসলাম (৩৫)।স্থানীয়দের উদ্ধৃত করে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুল ইসলাম জানান, আজ ভোরে ফজরের নামাজ শেষে হতাহতেরা শহরের ট্রাক টার্মিনাল এলাকার রাস্তার ওপর দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোসাদ্দিক ও সিরাজুলের মৃত্যু হয়।এসআই আরও জানান, আহত তাজুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি এবং মিজানুরকে ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয় লোকজন জানায়, ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সকাল ছয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কুষ্টিয়া-যশোর সড়কে যান চলাচল বন্ধ করে রাখে।