ঝিনাইদহে ট্রাকচাপায় দুজন নিহত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ও গতকাল মঙ্গলবার রাতে জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাসস্ট্যান্ড এবং কোটচাঁদপুরের উপজেলা মিলনায়তনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার বেলাট-দৌলতপুর দাখিল মাদ্রাসার শিক্ষক শরিফুল ইসলাম (৪৫) এবং কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের সামছুল হক (৫০)।পুলিশ জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি ট্রাক শরিফুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গতকাল রাত নয়টার দিকে কোটচাঁদপুর শহরে উপজেলা অডিটরিয়ামের সামনে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা মহেশপুরগামী একটি ট্রাক পথচারী সামছুল হককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কালীগঞ্জ ও কোটচাঁদপুর থানার পুলিশ ট্রাক দুটি আটক করেছে।