ঝিনাইদহে তিন খুনের নেপথ্যে যুবলীগের অভ্যন্তরীণ বিরোধ
দলের নেতৃত্ব ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও সদস্য জাহাঙ্গীর হোসেনের পক্ষের দীর্ঘদিনের বিরোধের জের ধরে ঝিনাইদহ শহরে গত বৃহস্পতিবার রাতে ওই তিন খুনের ঘটনা ঘটেছে। এলাকাবাসী, রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।সংঘর্ষে নিহত ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের সোহান ওরফে সোহাগ (২৫), ভুটিয়ারগাতী গ্রামের বজলুর রহমান (৩৫) ও পবহাটির আলমগীর হোসেনের (৪০) মরদেহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বাদ আসর নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) ফিরোজা কুলসুম বিকেল চারটায় জানান, কোনো পক্ষই থানায় মামলা করেনি। ঝিনাইদহ শহরের পবহাটি সৃজনী মোড়ে বৃহস্পতিবার রাতের হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মোড়ে মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাব-পুলিশের টহল জোরদার করা হয়েছে। সদর থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে কাঞ্চননগর গ্রাম থেকে সেলিম (২৭) ও পারভেজ (২২) নামের যুবলীগের দুই পক্ষের দুই কর্মীকে আটক করলেও নতুন করে সহিংসতার আশঙ্কা করছে এলাকাবাসী। তিন খুনের ঘটনার পর থেকেই যুবলীগের নেতা মাসুদ ও জাহাঙ্গীর আত্মগোপনে রয়েছেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রথম আলোর কাছে মাসুদুর রহমানকে দলীয় নেতা ও জাহাঙ্গীর আলমকে দলীয় সদস্য হিসেবে জানালেও নিহত তিনজন এবং আটক ব্যক্তিরা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে তিনি দাবি করেছেন।গতকাল দুপুরে ঘটনাস্থল পবহাটির সৃজনী মোড়ে গিয়ে ছোপ ছোপ রক্তের দাগ দেখা যায়। আগের রাতের সংঘর্ষ ও কোপানোর চিহ্ন এখনো স্পষ্ট। এলাকাবাসী ইট দিয়ে জায়গাটি ঘিরে রেখেছে।সরেজমিন ঘুরে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম ও জামায়াতের সমর্থক শাহ মো. আকতারুজ্জামান। একই এলাকার বাসিন্দা হওয়ায় বিএনপির নেতা জাহিদুলের পক্ষে সরাসরি প্রচারণায় নামেন যুবলীগের নেতা মাসুদুর রহমান। পাশাপাশি জাহাঙ্গীর হোসেন অবস্থান নেন জামায়াত-সমর্থিত প্রার্থী শাহ মো. আকতারুজ্জামানের পক্ষে। নির্বাচনী প্রচারণা চলাকালেই বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং তিনজন খুন হন। তাঁরা হলেন যুবলীগের নেতা মাসুদের ভাগনে সোহান ওরফে সোহাগ ও তাঁর সমর্থক বজলুর রহমান এবং জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন।প্রত্যক্ষদর্শীদের একটি সূত্র জানায়, কোপানোর একপর্যায়ে আলমগীর ড্রেনে পড়ে যান। ড্রেন থেকে তুলে আবার তাঁকে কোপানো হয়।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী প্রথম আলোকে জানান, নিহত সোহান ও বজলুর রহমানের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় তিনটি এবং আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসের দায়ে দুটি মামলা রয়েছে। সোহান জেলা গোয়েন্দা পুলিশের ৫৬ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর জাহাঙ্গীরের চাচা (বাবার ফুফাতো ভাই) আবু বকর খুন হন। ওই মামলায় যুবলীগের নেতা মাসুদুর রহমান ও তাঁর ১০ জন অনুসারীকে আসামি করা হয়। মামলাটি একপর্যায়ে আপস-মীমাংসা হলেও সেই থেকে বিরোধের জন্ম। দুই বছর আগে পৌর যুবলীগের কাউন্সিলে মাসুদুর ও জাহাঙ্গীর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মাসুদুর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিরোধ আরও বেড়ে যায়। এ ছাড়া পবহাটির কলারহাটসহ এলাকায় প্রভাব বিস্তারের জন্য উভয় পক্ষই সব সময় সশস্ত্র অবস্থায় চলাফেরা করতে থাকে। এরই মধ্যে জাহাঙ্গীর ও তাঁর অনুসারীরা কোরবানির আগের দিন গত ১৬ নভেম্বর মাসুদকে কুপিয়ে জখম করেন। চিকিৎসা নেওয়ার পরও মাসুদ স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান।সূত্রমতে, যুবলীগের এই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে থানায় ও দলীয় অফিসে একাধিকবার বৈঠক করা হয়, কিন্তু তাদের বিরোধ মেটেনি।বৃহস্পতিবার রাতের হত্যাকাণ্ড প্রসঙ্গে বক্তব্য জানতে জাহাঙ্গীরের মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। জাহাঙ্গীরের বড় ভাই নিহত আলমগীরের স্ত্রী কাজল রেখার দাবি, মাসুদের অনুসারীরা পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে খুন করেছেন। তবে যুবলীগের নেতা মাসুদুর রহমান দাবি করেন, জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর সদলবলে পরিকল্পিতভাবে তাঁর ভাগনে সোহান ও অনুসারী বজলুর রহমানকে খুন করেছেন। আর আলমগীর খুন হয়েছেন নিজেদের লোকদের হাতেই।এদিকে দুজন কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হিসেবে ঘটনা জানাজানি হলেও তা অস্বীকার করেছেন প্রার্থী শাহ মো. আকতারুজ্জামান ও জাহিদুল ইসলাম। উভয় প্রার্থীর দাবি, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে খুনের ঘটনা ঘটেছে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয়েই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।খুনের ঘটনার পর ঝিনাইদহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নির্বাচন হবে কি না, তা নিয়ে ভোটাররা আশঙ্কা প্রকাশ করলেও জেলা প্রশাসক রমা রানী রায় বলেছেন, বৃহস্পতিবারের ঘটনার সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। তাই যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।