ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে আজ শনিবার সকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। কালীগঞ্জের একতারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।গ্রামবাসী সূত্রে জানা যায়, একতারপুর গ্রামের বারেক আলী বেশ কিছুদিন আগে একই গ্রামের শরিফুল ইসলামের বাবা আবদুল লতিফকে মারধর করে। এতে শরিফুল ক্ষিপ্ত হন। ঘটনাটি তখন গ্রাম্য সালিসে মাধ্যমে মিটমাট করা হলেও শুক্রবার বিকেলে গ্রামের রাস্তা দিয়ে বারেক আলী যাওয়ার সময় শরিফুল ইসলাম ও তাঁর সঙ্গে থাকা লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বারেক আলীকে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জের ধরে বারেক আলীর পক্ষের লোকজন রাত থেকে প্রস্তুতি নিয়ে সকাল আটটার দিকে শরিফুল ইসলামের বাড়িতে হামলা করে এবং লোকজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় শরিফুল ইসলামের পক্ষের লোকজনও পাল্টা জবাব দেয়। উভয়পক্ষের সংঘর্ষে শরিফুল ইসলাম (৪০), তাঁর ভাই অহিদুল ইসলামসহ (৩৫) অন্তত ২০ জন আহত হয়।কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, সামান্য বিষয় নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। গ্রামে এখন পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষই থানায় এখনো মামলা নিয়ে আসেনি বলে তিনি উল্লেখ করেন।