ঝিনাইদহে দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের একটি শ্মশান থেকে পুলিশ আজ শুক্রবার সকালে দুজনের লাশ উদ্ধার করেছে। নিহত দুই ব্যক্তি হলেন হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের মাসুদ (৩২) এবং শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম (৩৮)। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, মাসুদ ও শরিফুল আত্মীয়। শরিফুল গতকাল বৃহস্পতিবার দুপুরে রঘুনাথপুরে মাসুদের বাড়িতে বেড়াতে যান। বিকেলে তাঁরা দুজন বাড়ি থেকে বের হন, কিন্তু অনেক রাত হলেও তাঁরা বাড়ি ফেরেননি। এলাকাবাসীর কাছে জানতে পারেন, দুর্বৃত্তেরা তাঁদের খুন করে রামচন্দ্রপুর শ্মশান ঘাটে লাশ ফেলে রেখেছে। পরে পুলিশে খবর দেওয়া হলে আজ তাঁদের লাশ উদ্ধার করা হয়। ঝিনাইদহ জেলা পুলিশ সুপার রেজাউল করিম দাবি করেন, নিহত ব্যক্তিরা চরমপন্থী দলের সক্রিয় সদস্য। দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।