ঝিনাইদহে দুটি শাটারগানসহ ১১টি বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব-৬-এর সদস্যরা ঝিনাইদহ শহরের কোর্টপাড়া এলাকা থেকে দুটি শাটারগান, দুই রাউন্ড গুলি ও ১১টি বোমা উদ্ধার করেছে। আজ মঙ্গলবার ভোর রাতে ওই এলাকায় একটি সেতুর নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি। ঝিনাইদহ র্যাব-৬-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল করিম জানান, কোর্টপাড়া এলাকায় একটি সন্ত্রাসী দল অবস্থান করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর চারটার দিকে র্যাব-৬-এর একটি দল তাদের ধরতে অভিযান চালায়। এ সময় সেতুর নিচ থেকে দুটি ব্যাগের মধ্যে দুটি শাটারগান, দুটি পেট্রলবোমাসহ ১১টি বোমা ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বড় ধরনের কোনো নাশকতামূলক ঘটনার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এসব অস্ত্র সংগ্রহ করেছিল।