ঝিনাইদহে নসিমন উল্টে নিহত ২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং সাতজন আহত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার হলিধানী ও আমতলা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।দুর্ঘটনায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কাবিল মণ্ডলের ছেলে লিপটন (৩০) এবং শৈলকুপার মকিমপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে রিফাত (৭) নিহত হয়।কাতলামারি ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, ভোর পাঁচটার দিকে হরিণাকুণ্ডু উপজেলার আমেরচারা গ্রামের আইসক্রিম কারখানা থেকে নসিমনে করে আইসক্রিম নিয়ে পার্শ্ববর্তী মান্দিয়া গ্রামে যাচ্ছিল কয়েকজন শ্রমিক। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী মোড়ে নসিমনটি উল্টে যায়। এতে নসিমনের চালক লিপটন (৩০) মারা যান। এ সময় আহত হয় নসিমনের ছয় যাত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, আজ সকাল সাতটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা এলাকায় নসিমন উল্টে এক শিশু নিহত ও তার বাবা আহত হয়েছে। নসিমনে করে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে যাওয়ার পথে আমতলা বাজারে নসিমনটি উল্টে যায়। এতে মকিমপুর গ্রামের রেজাউল ইসলাম আহত এবং তাঁর ছেলে রিফাত (৭) নিহত হয়েছে।