ঝিনাইদহে পুলিশসহ আহত ২০, রেললাইনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের মধ্য দিয়ে ১৮-দলীয় জোটের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন শুরু হয়। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে কেপি বসু সড়কের দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি হরতালের সমর্থনে মিছিল বের করার প্রস্তুতি নেয়। মিছিলটি শুরু হওয়ার মুহূর্তে বাধা দেন আওয়ামী লীগের কর্মীরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশের এক উপপরিদর্শকসহ বিএনপির ১৬ জন ও ছাত্রলীগের তিনজন নেতা-কর্মী আহত হন। হরতালের সময় জেলা বিএনপির কার্যালয় ও সাবেক সাংসদ মসিউর রহমানের বাসার সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ছাড়া, শহরের এইচএসএস সড়কে বিএনপির এক নেতার মালিকানাধীন কুটুম কমিউনিটি সেন্টার ভাঙচুর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় হরতালবিরোধীরা।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩টি কাঁদানে গ্যাসের শেল ও ছয়টি গুলি ছোড়ে। শহরে র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।অন্যদিকে, কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ-সুন্দরপুর রেলস্টেশনের মাঝামাঝি চাদবা মাঠ এলাকায় রেললাইনে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। মোবারকগঞ্জ স্টেশনের কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন জানান, অবরোধের কারণে খুলনা-রাজশাহী রুটে আধা ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। তবে রেলকর্মীরা দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে সক্ষম হন।