ঝিনাইদহে পুলিশের গুলিতে কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার গান্না পাইকপাড়া গ্রামে গতকাল শনিবার মধ্যরাতে পুলিশের গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম আবদুল ওয়াহাব (৫২)।আবদুল ওয়াহাবের ছেলে রোকনুজ্জামান (৩০) প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, পুলিশ তাঁর বাবাকে আটকের জন্য গতকাল রাত একটার দিকে ঘর থেকে বাইরে আনে। তাঁকে বাড়ি থেকে একটু দূরে নিয়ে যায়। একপর্যায়ে পুলিশ তাঁর বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এ সময় তিনি বাবার সঙ্গে ছিলেন এবং বাবাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছিলেন বলে দাবি করেন তিনি।ওয়াহাবের প্রতিবেশীরা জানান, পুলিশ আবদুল ওয়াহাবকে থানায় নিয়ে যেতে চাইলে প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দেন। একপর্যায়ে পুলিশ ওয়াহাবকে গুলি করে। তাঁকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে প্রতিবেশীরা চিত্কার শুরু করে। পুলিশ এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।ঘটনা সম্পর্কে ঝিনাইদহ পুলিশের সুপার পঙ্কজ ভট্টাচার্যের ভাষ্য, সদর উপজেলার বেতাইফাঁড়ি পুলিশের একটি দল গান্না পাইকপাড়া গ্রামে আসামি ধরতে যায়। এ সময় গ্রামবাসী ‘ডাকাত’ বলে চিত্কার দিয়ে পুলিশকে ঘিরে ফেলে মারধর শুরু করে এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিমসহ তিনজন আহত হন। তখন পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ছুড়লে আবদুল ওয়াহাব নিহত হন।পুলিশ জানায়, আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।এলাকাবাসী জানান, গত শুক্রবার স্থানীয় গান্না বাজার থেকে এক ব্যক্তিকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় বাজারের ব্যবসায়ীরা বাধা দেন। সেখানে আবদুল ওয়াহাবও উপস্থিত ছিলেন। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিকল্পিতভাবে বাড়িতে এসে তাঁকে হত্যা করেছে বলে এলাকাবাসীর ধারণা।