ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গিয়াস উদ্দিন (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় দুজন পুলিশ সদস্য আহত হন।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের দাবি, নিহত গিয়াস শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের আফজাল খাঁর ছেলে। তিনি শ্রমজীবী মুক্তি আন্দোলনের আঞ্চলিক দল শুকনাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তাঁর বিরুদ্ধে শৈলকুপা থানায় খুন, ডাকাতি, অপহরণসহ সাতটি মামলা রয়েছে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গতকাল গভীর রাতে শুকনাল বাহিনীর সদস্যরা বগুড়া গ্রামের গড়ের মাঠে গোপন বৈঠক করছেন—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শুকনাল বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গিয়াসকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে। ওসি জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের উপপরিদর্শক রাজীব আহম্মদ ও কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান, একটি ওয়ান শ্যুটার গান এবং তিনটি তাজা গুলি উদ্ধার করে। আহত দুই পুলিশকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।