ঝিনাইদহে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে গতকাল শনিবার রাতে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার কালুহাটি গ্রামের আক্তারুজ্জামান দোলন (৩২) এবং বাড়িবাথান গ্রামের ফারুক হোসেন (২৮)। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে শহরের আরাবপুর বাসস্ট্যান্ড থেকে আক্তারুজ্জামান ও ফারুককে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে শহরের কোরাপাড়ায় অভিযান চালিয়ে আক্তারুজ্জামান দোলনের ভাড়া বাসা থেকে একটি নাইন এমএম পিস্তল, সাতটি গুলি ও দুটি বোমা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা গতকাল রাত ১০টার দিকে শহরের ভুটিয়ারগাতি গ্রামে অভিযান চালিয়ে দুটি পাইপগান ও তিনটি হাতবোমা উদ্ধার করেন। এগুলো পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে রাখা ছিল বলে ক্যাম্পের কমান্ডার মেজর সাখাওয়াত হোসেন জানিয়েছেন।