ঝিনাইদহে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ (ভিডিও)
ঝিনাইদহের কালীগঞ্জে সকালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। নিহত সবাই অটোরিকশার যাত্রী।আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে কালীগঞ্জের বেজপাড়ায় প্রথম আলো সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: কালীগঞ্জ উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নার্গিস আক্তার (২৮), সদর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বেগম (৩০), সদর উপজেলার দোগাছী গ্রামের গফুর বিশ্বাসের স্ত্রী সুফিয়া বেগম (৬০), একই উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হাসান আলী (৩৫) ও অটোরিকশার চালক সদর উপজেলার পরমানন্দি গ্রামের নেকবার আলী (২৬)।আহত চারজন হলেন: কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামের মুকুল হোসেন (৩৫), তাঁর স্ত্রী আরজিনা খাতুন, শহরের আড়পাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মনোয়ারা খাতুন (৪০) ও অজ্ঞাত পুরুষ (৪০)। এঁদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আরজিনা ছাড়া অন্যদের উন্নত চিকিত্সার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ঝিনাইদহগামী রূপসা পরিবহনের যাত্রীবাহী ওই বাসটি সকাল সাড়ে সাতটার সময় প্রথম আলো সড়কের মাথায় পৌঁছায়। এ সময় নয়জন যাত্রী নিয়ে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা অটোরিকশাটি অপর একটি ভ্যানকে পাশ কাটিয়ে সামনে আসার চেষ্টা করলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচজন মারা যান। আহত হন চারজন। বাসচালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে নেমে যায়। তবে বাসটি উল্টে না যাওয়ায় যাত্রীরা বেঁচে যান।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।