ঝিনাইদহে বিএনপির মিছিলে বাধা, পুলিশের লাঠিপেটায় আহত ২০
ঝিনাইদহ জেলা বিএনপি আজ শনিবার শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের বাগবিতণ্ডা হয়। এ সময় পুলিশের লাঠিপেটা ও ছোড়া রাবার বুলেটে বিএনপির অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি বের করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেকের নেতৃত্বে শহরের গীতাঞ্জলি সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পায়রা চত্বর ঘুরে কে সি কলেজের কাছে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে মিছিলকারীদের সঙ্গে নেতা-কর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পেছন থেকে লাঠিপেটা শুরু করে। রাবারের দুটি গুলিও ছোড়া হয়। এতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মজিদ, জেলা যুবদলের আহ্বায়ক রওশন বিন কদর মীরনসহ ২০ নেতা-কর্মী আহত হয়।তবে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মসিউর রহমান দাবি করেছেন, আহতের সংখ্যা অর্ধশতাধিক। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, বিএনপি রাস্তার ওপর সমবেত হয়েছিল। এ ছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার কারণে পুলিশ বাধ্য হয়ে লাঠিপেটা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুটি রাবারের গুলি ছুড়েছে। ঘটনার পর থেকে শহরে মোড়ে মোড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, ১২ এপ্রিল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে দেশব্যাপী এ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।