ঝিনাইদহে র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোজাম সরদার ওরফে মোজাম (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার গোপীনাথপুর-পোলতাডাঙ্গা গ্রামের জিকে খালের পাড়ে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়। পুলিশের দাবি, মোজাম নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। ঝিনাইদহ র‌্যাব-৬-এর অধিনায়ক আলভী ফেরদৌস খান জানান, একদল চরমপন্থী উপজেলার চটকাবাড়িয়া-গোপীনাথপুর এলাকায় বৈঠকের প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে র‌্যাব ও পুলিশের দুটি দল রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থীরা পোলতাডাঙ্গা এলাকার জিকে খাল ব্রিজের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব ও পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালান। প্রায় আধঘণ্টা বন্দুকযুদ্ধকালে উভয়ের মধ্যে ৩০-৩৫টি গুলি বিনিময় হয়। একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটতে বাধ্য হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে পড়ে থাকা লাশটি চরমপন্থী মোজামের বলে শনাক্ত করে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ভারতীয় শাটারগাট ও সাতটি গুলি উদ্ধার করে। বন্দুকযুদ্ধের সময় হরিণাকুণ্ডু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর ও কনস্টেবল আবদুর রউফ আহত হয় বলে পুলিশ দাবি করেছে।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নিহত মোজাম সরদারের নামে হরিণাকুণ্ডু থানায় তিনটি হত্যা, একটি ডাকাতি, একটি অপহরণসহ পাঁচটি মামলা ও তিনটি জিডি আছে। এ ছাড়া পার্শ্ববর্তী আলমডাঙ্গা থানায়ও তার নামে মামলা রয়েছে।ওসি আরও জানান, মোজাম প্রথম দিকে নিজের নামে একটি গ্রুপ গড়ে তোলে। কিছুদিন পর তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে (জনযুদ্ধ) যোগ দেন। পরে তিনি এলাকার ত্রাস মোয়াজ্জেমের হাত ধরে বিপ্লবী কমিউনিস্ট পার্টিতে আসেন এবং মোয়াজ্জেমের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করেন। মোয়াজ্জেম বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর অল্প দিনের মধ্যেই তিনি দলের আঞ্চলিক নেতা হন। শেষের দিকে পলাতক থেকে তিনি নিজের নামেই একটি বাহিনী গড়ে তোলেন। যা মোজাম বাহিনী বলে পরিচিত পায়।