ঝিনাইদহে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঝিনাইদহের মহেশপুরে একটি তৈরি পোশাক-কারখানায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের তিন সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার জিন্নাহনগর বাজারে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। পুলিশ আলাউদ্দিন নামের এক শ্রমিককে আটক করেছে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, সকাল নয়টার দিকে প্রীতি উল ওয়ার লিমিটেডের শ্রমিকেরা জিন্নাহনগর বাজারে মিছিল বের করে ও কারখানা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।শ্রমিকেরা জানান, তাঁরা বেশ কিছুদিন থেকে বেতন-ভাতা বৃদ্ধির দাবি করে আসছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এতে সাড়া দেয়নি। উল্টো গতকাল মঙ্গলবার রাতে তিন-চারজন শ্রমিকের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাঁদের হয়রানি করা হয়। সকালে বিষয়টি জানাজানি হলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা এ ঘটনার প্রতিবাদে জিন্নাহনগর বাজারে প্রতিবাদ মিছিল বের করেন। পুলিশ শ্রমিকদের মিছিলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ ২০ শ্রমিক আহত হন। আহতদের মহেশপুর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।কারখানার কর্মকর্তা কবির হোসেন জানান, শ্রমিকদের দাবি অযৌক্তিক। তাঁরা শ্রমিকদের নিয়মিত বেতন দিয়ে আসছেন। এলাকার কিছু লোক শ্রমিকদের উসকানি দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। এ ব্যাপারে তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।অতিরিক্ত পুলিশ সুপার জোবায়দুর রহমান জানান, স্থানীয় একটি মহল শ্রমিকদের উসকানি দিচ্ছে। যে কারণে সকালে কিছু ঘটনা ঘটেছে, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত।