ঝিনাইদহে সংঘর্ষে নিহত এক
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তোতা মণ্ডল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৮ জন। তোতা মণ্ডল আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, আগামী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রাধান্য বিস্তার নিয়ে দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী জোয়ার্দ্দার ও আওয়ামী লীগের নেতা জিন্নাহ আলী পক্ষের মধ্যে বেশ কিছুদিন থেকে দ্বন্দ্ব চলছে। এরই জের ধরে দোগাছি গ্রামে উভয় পক্ষের লোকজন বেলা ১১টার দিকে রামদা, ঢাল, ভেলা, বল্লমসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে তোতা মণ্ডল, বছির উদ্দীন (২৬), মজনু (৩২), মাছুরা বেগম (৩৫), জোছনা খাতুন (৩২), মিলু (২৭), নুরাঙ্গীর (৩০), রুবেলসহ (২৫) উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়। আহত ব্যক্তিদের ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এর মধ্যে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বছির উদ্দীনের ডান পা এবং তোতা মণ্ডলের বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে তোতার মৃত্যু হয়। আহত বছির উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। গ্রামবাসী জানায়, এ ঘটনা নিয়ে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। তবে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। ওসি ছগির জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।