ঝিনাইদহে সুবিধাবঞ্চিত গ্রামের দুটি স্কুল ফলাফলে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠান দুটির ভালো কোনো ভবন নেই, ভাঙাচোরা ঘরগুলোয় চলে পাঠদান। এলাকার মানুষের সহযোগিতায় ১৫ থেকে ১৬ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এ ঘরগুলো। সরকারিভাবে কোনো ভবন না হওয়ায় সেমিপাকা ভাঙাচোরা ঘরগুলোয় ঝুঁকি নিয়ে ক্লাস চলছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয় এবং মোস্তফাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়। অথচ এই সুবিধাবঞ্চিত গ্রামের স্কুল দুটি এবার এসএসসি পরীক্ষায় ভালো ফল করেছে। মোস্তফাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে শতকরা ৯৪ ভাগ এবং কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯২ ভাগ পাস করেছে, তবে কালুখালী স্কুলের যে ৪১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তাদের সবাই পাস করেছে। অন্য একটি স্কুলের ২৯ জন এ বিদ্যালয়ে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়ে ২৩ জন পাস করেছে। ছয়জন ফেল করায় পাসের হার ৯২ ভাগে দাঁড়িয়েছে।মোস্তফাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ১৯৯৪ সালে তাঁদের স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৩৩০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। প্রতি বছরই তাঁদের স্কুল ভালো ফল করে। এবার ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন, তবে কালীগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গ্রামের মধ্যে তাঁদের স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ায় মেধাবী ছেলেমেয়েরা ভর্তি হতে চায় না। তারা শহরমুখী হয়ে পড়ে, যে কারণে অপেক্ষাকৃত কম মেধাবী শিক্ষার্থীদের পেছনে অধিক সময় ব্যয় করে এই ভালো ফল অর্জন সম্ভব হয়েছে।কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন জানান, ১৯৯৫ সালে তাঁদের স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটিতে চার শতাধিক ছেলেমেয়ে পড়ালেখা করছে। বিদ্যালয়ে ভালো কোনো ভবন নেই। এর মধ্যেও গত বছর তাঁদের বিদ্যালয়টি উপজেলায় প্রথম স্থান অধিকার করে। এবারও শতকরা ৯২ ভাগ ছেলেমেয়ে পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে একজন।