ঝিনাইদহে স্কুলছাত্রকে হত্যার পর গায়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরে এক স্কুলছাত্রকে হত্যা করে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতের কোনো একসময় শহরের সরকারি বালক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ আজ শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে।নিহতের নাম অন্তর চৌধুরী (১৫)। সে শহরের ব্যাপারিপাড়ার বাসিন্দা অনুকুল চৌধুরীর ছেলে এবং কাঞ্চননগর মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্র।এলাকাবাসী জানায়, আজ সকালে তারা শহরের সরকারি বালক বিদ্যালয়ের মাঠে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে জানা যায়, লাশটি অন্তরের।নিহতের পরিবারের লোকজন জানায়, গতকাল শুক্রবার সকালে অন্তর গ্রামের বাড়ি মেহেরপুর যাবে বলে ঝিনাইদহের বাসা থেকে বের হয়। এরপর সন্ধ্যায় মাকে ফোন করে জানায়, গাড়ি নষ্ট হওয়ায় সে এখনো বাড়ি যেতে পারেনি। পরে তার সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আজ সকালে তারা জানতে পারেন, অন্তরকে দুর্বৃত্তরা হত্যা করেছে। তবে কারা, কী কারণে অন্তরকে হত্যা করেছে, এ ব্যাপারে তারা কিছু জানাতে পারেনি।পুলিশ বলেছে, গলায় কাপড় জড়িয়ে অন্তরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে গায়ের ওপর সেই কাপড়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, ছেলেটি সম্প্রতি খারাপ ছেলেদের সঙ্গে মিশতে শুরু করেছিল। এখনই বলা যাচ্ছে না, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তদন্ত শেষে সত্য বের হয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন।