ঝিনাইদহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের কারণে ঝিনাইদহ শহরে স্ত্রীকে হত্যা করে স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। নিহতেরা হলেন ইজাজুল হক (৩৫) আর সোনিয়া খাতুন (২৮)। আজ মঙ্গলবার ভোরে শহরের আরাবপুর সিঅ্যান্ডবি পুকুরপাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শহরের আরাবপুর এলাকার চিয়ার আলীর ছেলে ইজাজুল হক তাঁর স্ত্রী সোনিয়া খাতুনকে নিয়ে রহিমা বেগমের বাড়িতে একটি ঝুপড়ি ঘরে ভাড়া থাকতেন। ভোরের দিকে ইজাজুল তাঁর স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ঘরের বারান্দায় ফেলে রাখেন। পরে তিনি নিজেও ঘরের ভেতরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। সোনিয়া স্থানীয় তামাক সেন্টারে কাজ করতেন এবং ইজাজুল মাছের ব্যবসা করতেন।ঝিনাইদহের পুলিশ সুপার রেজাউল করিম জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন।