ঝিনাইদহে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিএনপির বিবদমান দুই পক্ষ এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ যৌথভাবে একই সময়ে ওই বাজারে পৃথক তিনটি সভার ডাক দেয়। ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নের আশঙ্কায় আজ রোববার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাজার এবং এর পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলায় বিএনপির দুটি পক্ষ সভা ডাকে। এর একটি অংশের নেতৃত্বে রয়েছেন সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি এম এ ওহাব। অন্য পক্ষের নেতৃত্বে আছেন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার শহিদুল ইসলাম। তিনি ঢাকায় অবস্থান করায় স্থানীয়ভাবে শৈলকুপা পৌরসভার মেয়র খলিলুর রহমান নেতৃত্ব দিয়ে থাকেন।এদিকে শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি এম এ ওহাব দাবি করেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের জন্য তাঁরা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের শেখপাড়া বাজারে সভার আহ্বান করেন। কিন্তু সভা বানচাল করতে সরকারি দল বিএনপির একটি অংশ দিয়ে একই স্থানে একই সময়ে আরেকটি সভা ডাকে। এতেও তারা ক্ষান্ত না হয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে আরেকটি সভা আহ্বান করা হয়েছে। এম এ ওহাব আরও জানান, উপায় না পেয়ে পার্শ্ববর্তী ভাটই বাজারসংলগ্ন কুলচারা ঈদগাহ মাঠে সভা করেছেন।অপর পক্ষের শৈলকুপা পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান একই ধরনের অভিযোগ আনেন এম এ ওহাবের নেতৃত্বাধীন বিএনপি অংশের ওপর। তিনি জানান, ১৪৪ ধারা জারির কারণে উপজেলার গাড়াগঞ্জ বাজারে তাঁদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার জানান, স্থানীয় কিছু বিষয় নিয়ে আওয়ামী লীগ শেখপাড়া বাজারে আজ এক সমাবেশের আহ্বান করে। কিন্তু বিএনপির পক্ষ থেকেও সেখানে পাল্টা দুটি সভা আহ্বান করা হয়েছে। যে কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি আশরাফুল আলম জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় গতকাল শনিবার সন্ধ্যায় মাইকিং করে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।