ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে হজরত বেলাল ওরফে হাজি বেলাল (৩২) নামের একজন নিহত হয়েছেন। উপজেলার ভায়না গ্রামের মাঠে আজ শনিবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত বেলাল নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহের সদর উপজেলার বাসুদেবপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ চারটি মামলা আছে।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আজ ভোররাতে ভায়না গ্রামে র‌্যাব ও পুলিশের দুটি দল টহল দিচ্ছিল। এ সময় তারা ওই গ্রামের মাঠে একটি বোমা বিস্ফোরণের শব্দ পায়। র‌্যাব ও পুলিশের কয়েকজন সদস্য সেখানে গিয়ে অভিযান চালান। তাঁদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব-পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে বেলালকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, ছয়টি গুলি এবং নগদ পাঁচ হাজার ৩৪১ টাকা উদ্ধার করা হয়েছে।