ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা মুকুল নিহত
ঝিনাইদহে র্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার মুকুল নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি শাটারগান, তিনটি গুলি ও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার রাত তিনটার দিকে হরিণাকুণ্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মিছাখালী মাঠে এ ঘটনা ঘটে।ঝিনাইদহ র্যাব-৬-এর কমান্ডার মেজর সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরমপন্থীদের অবস্থান ও বৈঠকের খবর পেয়ে র্যাব ও পুলিশের দুটি দল পায়রাডাঙ্গা গ্রামে অভিযান শুরু করে। র্যাব-পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করে। এ সময় তাঁরাও পাল্টা গুলি ছোড়েন। উভয় পক্ষে মধ্যে প্রায় ২০ মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। এ সময় বন্দুকযুদ্ধে নিহত হয় বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার মোজামের পক্ষের নেতা মুকুল (৪৫)। পুলিশ সেখান থেকে দুটি তাজা বোমা, তিনটি শাটারগান ও তিনটি গুলি উদ্ধার করেছে।মুকুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পায়রা আলমডাঙ্গা গ্রামের মৃত ফরিদ মণ্ডলের ছেলে। তাঁর বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের বিভিন্ন থানায় হত্যাসহ সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।