ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ জাসদ গণবাহিনীর কমান্ডারসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার মসিউর রহমান (৩১) ওরফে মধু ও ক্যাডার দুলাল ব্যাপারী (৩৩) ওরফে জামাই দুলাল নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার জয়ন্তিনগরে র্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তাঁরা নিহত হয়।ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি শাটারগান, একটি রাইফেল, একটি শটগান উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় র্যাব ও পুলিশের দুই সদস্য সামান্য আহত হয়েছেন বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।র্যাব সূত্র জানায়, মসিউর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা গ্রামের আবদুর রশিদ মোল্লার ছেলে। সে জাসদ গণবাহিনীর কমান্ডার কালুর সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতো। দুলাল ঝিনাইদহে হরিণাকুণ্ডু উপজেলার পদ্মনগর গ্রামের গোপাল ব্যাপারীর ছেলে।র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর সাখাওয়াত জানান, বিশ্বকাপ ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে সারা দেশে তাদের টহল জোরদার রয়েছে। আজ ভোরে তারা খবর পান শৈলকুপার জয়ন্তিনগর গ্রামে একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে। এই খবরে তারা শৈলকুপা পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে অভিযান চালান। র্যাব-পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে থাকে। এ সময় র্যাব-পুলিশের সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট সন্ত্রাসীদের সঙ্গে র্যাব-পুলিশের বন্দুকযুদ্ধ হয়। র্যাব-পুলিশ ৪১ রাউন্ড গুলি ছোড়ে। গুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থলে মসিউর ও দুলালকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের শৈলকুপা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিঞা জানান, মসিউরের বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে। দুলালের বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন পলাতক থেকে চাঁদাবাজি, মানুষ হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন।