ঝিনাইদহের শৈলকুপায় ১৪৪ ধারা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চতুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদল ও যুবলীগ একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকবে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। একই স্থানে সমাবেশ আহ্বান নিয়ে উভয় সংগঠনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজুমল হক জানান, সংগঠন দুটি একই স্থানে সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শৈলকুপা পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান জানান, পৌর শাখা যুবদল চতুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করে। আজ সকালে সেখানে ১০ জেলার নেতাদের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে লিখিত আকারে জানানোও হয়। কিন্তু গতকাল বুধবার হঠাত্ করে যুবলীগের পক্ষ থেকে সেখানে সমাবেশ ডাকা হয়। খলিলুর রহমান অভিযোগ করেন, সরকারি দলের লোকজন তাঁদের সম্মেলন পণ্ড করতে পাল্টা সমাবেশ ডেকেছে। তিনি আরও জানান, পার্শ্ববর্তী এলাকায় হলেও তাঁরা সম্মেলন শেষ করবেন।পৌর যুবলীগের সভাপতি রানাউজ্জামান বাদশা বলেন, ‘চতুড়া গ্রামে তাঁদের কর্মী সংগ্রহ কর্মসূচি উপলক্ষে আজ সকালে স্কুল মাঠে সভা আহ্বান করা হয়। আগে সেখানে কেউ সভা আহ্বান করেছে, এমন তথ্য আমাদের কাছে নেই।’