ঝিনুক থেকে চুন উত্পাদনই জীবিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চাশোর্ধ্ব নির্মল চন্দ্র এলাকায় চুনাতি নামে পরিচিত। চুনাতি অর্থাত্ খাবার চুন উত্পাদনকারী। তাঁর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার যুগিপাড়া গ্রামে। ছোটবেলা থেকে চুন তৈরির কাজ করেন। ঝিনুক থেকে চুন উত্পাদন তাঁর পৈতৃক পেশা। স্ত্রী বাসনা রানী, ছেলে উজ্জ্বল চন্দ্র ও মেয়ে শিল্পী রানীকে নিয়ে চার সদস্যের সংসার। ১২ শতকের বসতভিটা ছাড়া সম্পদ বলতে কিছু নেই। নির্মল বলেন, ‘হামারঘরে সংসার চলে না। বাপ-দাদার আমল থ্যাকি চুন বানাই। অন্য কাম করব্যার পাইন্যা। একন হামরা কোনটে যামো।’ একই গ্রামের বিশু চন্দ্র আক্ষেপ করে বলেন, ‘সোয়ারকার (সরকার) চুন কিনি সারা দেশোত বেচলে হামারঘরে আয় বাড়লো হয়। কষ্টোত থ্যাকি বাঁচনো হয়।’ গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের অন্তর্গত যুগিপাড়া গ্রাম। গ্রামে ৩৫০ লোকের বাস। এদের মধ্যে ২৭ জন এই ব্যবসার সঙ্গে জড়িত। শত বছর ধরে এই গ্রামে ঝিনুক থেকে চুন তৈরি হচ্ছে। ব্রহ্মপুত্র, যমুনা ও বাঙালি নদী থেকে ঝিনুক সংগ্রহ করা হয়। এসব নদীর তীরে অবস্থিত গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, বালাসি, এরেন্ডাবাড়ি, সাঘাটা উপজেলার হলদিয়া ও গোবিন্দগঞ্জ উপজেলার পান্তামারি, বড়দহ গ্রাম থেকে ঝিনুক সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া সদর উপজেলার দারিয়াপুর, যুগিরঘাট, সাঘাটা উপজেলার জুমারবাড়ি, চিনিরপটল গ্রামে ঝিনুক থেকে চুন তৈরি হচ্ছে বলে জানা গেছে। প্রথমে ঝিনুক পুড়িয়ে গুঁড়া করা হয়। তারপর পানি মিশিয়ে তৈরি হয় চুন। স্থানীয়ভাবে প্রতিমণ ঝিনুক ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিমণ ঝিনুক থেকে চার মণ চুন উত্পাদিত হয়। ঝিনুক, জ্বালানি ও শ্রমিকসহ প্রতিমণ চুন উত্পাদনে খরচ পড়ে ৪৪০ টাকা। বর্তমান বাজারে প্রতিমণ চুনের দাম ৬৪০ টাকা। চারজন শ্রমিকের চার মণ চুন তৈরি করতে সময় লাগে দুই দিন। কিন্তু বাজারজাতে সমস্যার কারণে উত্পাদনকারীরা লাভবান হতে পারছে না। যুগিপাড়া গ্রামের চুন উত্পাদনকারী বাসুরী চন্দ্র বলেন, ‘আমাদের কাছে কেউ চুন কিনতে আসেন না। শহরে পানের দোকানে বিক্রি করতে হয়। ফলে চার মণ চুন বিক্রি করতে ১৫ দিন পর্যন্ত সময় লাগছে। বাজারজাত সমস্যার কারণে একটি লাভজনক ব্যবসায় মন্দাভাব চলছে।’এদিকে চুন তৈরির ক্ষতিকর দিক সম্পর্কে জানতে চাইলে যুগিপাড়া গ্রামের চুন উত্পাদনকারী গৌড় চন্দ্র বলেন, ‘চুন তৈরি ঝুঁকিপূর্ণ। কিন্তু উপায় কী? পৈতৃক পেশা ছাড়তে পারছি না।’গাইবান্ধার সিভিল সার্জন ডা. রকিবুদৌলা বলেন, ‘বেশি দিন চুন তৈরির কাজ করলে হাতের চামড়া পাতলা এমনকি ফোসকা পড়ে ঘা হতে পারে। বিশেষত চুন চোখে লাগলে অন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকি এড়াতে চোখে চশমা, হাতে গ্লভস ব্যবহার করা ভালো।’ অপরদিকে নদী-তীরবর্তী এলাকার হতদরিদ্র শতাধিক নারী-পুরুষ নদী থেকে ঝিনুক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে। ঝিনুক সংগ্রহের কাজে জড়িত বালাসি গ্রামের গোপাল সাহা বলেন, ‘হামরা নদীত মাছ ধরি। যকন কাম থাকে না তকন শিপি (ঝিনুক) কুড়াই। শিপি বেচি পত্তেক মাসে ১০০ থ্যাকি ২০০ ট্যাকা কামাই হয়।’ রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাসান বলেন, ‘চুন ব্যবসায়ীদের ঋণ প্রদানের জন্য বিভিন্ন ব্যাংক শাখায় যোগাযোগ করা হচ্ছে। তবে সরকারিভাবে চুন বাজারজাতের ব্যবস্থা করলে উত্পাদনকারীরা লাভবান হবে। পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে।’