ঝিন্টুর সঙ্গে বিপ্লবের দণ্ড মওকুফের তুলনা চলে না: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বিএনপির সময় ফাঁসির আসামি মহিউদ্দিন ঝিন্টুর মৃত্যুদণ্ড মওকুফের তুলনা নুরুল ইসলামের খুনির বিপ্লবের সঙ্গে হতে পারে না। কেননা, ঝিন্টুর ফাঁসির আদেশ হয়েছিল মার্শাল ল আমলে ক্যাঙ্গারু কোর্টে। আর বিপ্লবকে দণ্ড দিয়েছে প্রচলিত আদালত। তবে তিনি বলেন, দণ্ড মওকুফ করার ক্ষমতা সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির রয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর জেলা বিএনপির তত্কালীন সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের হত্যাকারী আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে বিপ্লবের সাজা মওকুফের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহত্তর নোয়াখালীর বিরোধীদলীয় সাংসদরা সংবাদ সম্মেলনের আয়োজন করে।রাষ্ট্রপতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ২৮ জুলাই বৃহত্তর নোয়াখালীতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ বলেন, ক্ষমতাসীন দলের লোক হলেই ফাঁসির আদেশ মওকুফ হয়ে যায়। নাটোরের গামা হত্যার আসামিদের মৃত্যুদণ্ড মওকুফ করা হয়েছে। এবার লক্ষ্মীপুরের এক আলোচিত সন্ত্রাসীর ফাঁসির দণ্ড মওকুফ করলেন রাষ্ট্রপতি। বিএনপি রাষ্ট্রপতির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ, আশরাফ উদ্দিন নিজান, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, নাজিম উদ্দিন আহমেদ, রেহেনা আকতার রানু, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।