ঝিমিয়ে পড়ল কি বিশ্বকাপ-নগর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল-নীল বাতি এখনো জ্বলছে। জ্বলছে-নিভছে ক্রিকেটারদের কাটআউট ছবি। সন্ধ্যার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এখনো রূপ নিচ্ছে বিয়েবাড়ির। বিশ্বকাপ ক্রিকেটের আবহের মধ্যেই দিন কাটছে ঢাকার। তার পরও কী যেন একটা নেই!নেই সেই উত্তেজনা; মিরপুর স্টেডিয়ামের বাইরে গভীর রাত পর্যন্ত মানুষের ভিড়। বিশ্বকাপ-নগর কি একটু ঝিমিয়েই পড়ল? বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ঘিরে উত্তুঙ্গে ওঠা উত্তেজনাটা একটু থিতিয়ে পড়াই স্বাভাবিক। পড়েছেও। সেটির বড় কারণ বাংলাদেশের পরের ম্যাচের আগে দীর্ঘ বিরতি।উদ্বোধনী ম্যাচের আগে বাংলাদেশ দলের অনুশীলনেও উপচে পড়েছে সমর্থকদের ভিড়। অথচ কাল সকালে মিরপুরে অনুশীলনরত বাংলাদেশ দলকে বলতে গেলে কোনো কৌতূহলী চোখ অনুসরণই করল না। হ্যাঁ, সাংবাদিকদের একটা ভিড় ছিল। সেটি তো পেশাগত দায়।বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা দেখে বিস্মিত সাংবাদিকদের প্রায় সবাই ভারত বা শ্রীলঙ্কায় চলে গেছেন যাঁর যাঁর দেশকে অনুসরণ করতে। যে দু-একজন আছেন, তাঁরা আবার হঠাৎ এই ঝিমিয়ে পড়া দেখে বিস্মিত। তাঁদেরই একজন তামিম ইকবালকে এ নিয়ে প্রশ্ন করলেন। ব্যাটিংয়ের মতো তামিম কথাবার্তাতেও খুব চৌকস। প্রমাণ দিলেন এদিনও, ‘খেলার পর খেলোয়াড়দের যেমন বিশ্রাম প্রয়োজন হয়, সমর্থকদেরও তেমনি বিশ্রাম লাগে। তারা হয়তো এখন বিশ্রামই নিচ্ছে। আমি নিশ্চিত, আমাদের ম্যাচের আগে তারা আবার এসে একইভাবে গান গাইবে, আমাদের উৎ সাহ দেবে।’সাকিব আর তামিমের মধ্যে বন্ধুত্বের স্বরূপটা বোঝাতে হরিহর আত্মা কথাটা খুব খাটে। সমর্থকদের ঝিমিয়ে পড়া নিয়েও দুজনের মধ্যে আলাপ হয়ে থাকবে। নইলে তামিম ও-কথা বলার প্রায় সাত ঘণ্টা পর সাকিবও হুবহু একই কথা বলবেন কেন? বাড়তি হিসেবে সাকিব এর ভালো দিকটাও বললেন, ‘এক দিক থেকে এটা ভালোই। উদ্বোধনী ম্যাচের আগে যে অবস্থা হয়েছিল!’ঢাকায় উদ্বোধনী ম্যাচের পর বিশ্বকাপ ঘুরছে চেন্নাই, হাম্বানটোটা, আহমেদাবাদে। আজ সেটি নাগপুরে। অত দূর থেকে গায়ে যতটুকু উত্তাপ লাগা সম্ভব, লাগছে ততটুকুই। খুব বেশি লাগছেও না। কারণ আগের বিশ্বকাপগুলোতে বাংলাদেশের মানুষ অন্য দল নিয়েও মেতে থেকেছে। এবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে শুধুই বাংলাদেশ দল। গ্রুপ পর্বে বাংলাদেশে শুধু বাংলাদেশেরই ম্যাচ। যে কারণে কখনো পাঁচ দিন, কখনো ছয় দিন পর ফিরছে বিশ্বকাপের উত্তেজনা। এতে কারও টুকটাক চোট থাকলে সেরে ওঠার সময় পাওয়া যাবে ভেবে সাকিব খুশি, আবার এই দীর্ঘ বিরতি একটু বিরক্তিও জাগাচ্ছে তাঁর মনে। ‘গ্যাপটা আসলে বেশি হয়ে গেছে। তিন-চার দিন হলে ঠিক ছিল’—হোটেল রুম থেকে বললেন কাল রাতে।হল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপের শেষ দুটি ম্যাচের আগে বিরতিটা তিন-চার দিনই হচ্ছে। তবে আয়ারল্যান্ড ম্যাচের আগে সেটি পাঁচ দিন। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে পরের দুটি ম্যাচের আগে সেটি আবার ছয় দিন করে।বিরতিটা সব দেশের জন্যই এ রকম। তবে বাংলাদেশের সঙ্গে অন্য দুই সহ-আয়োজকের পার্থক্য হলো, ভারত-শ্রীলঙ্কায় শুধু তাদের ম্যাচই হচ্ছে না। বিশ্বকাপের ম্যাচ থাকছে তাই প্রতিদিনই। বাংলাদেশে বিশ্বকাপ হয়ে যাচ্ছে দ্বিপক্ষীয় সিরিজের মতো। এখনই যেমন শেরাটনে বিদেশি দল বলতে শুধুই আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড চলে যাওয়ার পর তো দু-তিন দিন বিশ্বকাপ দল বলতে শুধু সাকিবরাই থাকবেন বাংলাদেশে!এই দীর্ঘ বিরতিতে টানা অনুশীলন করে যাওয়াও বিরক্তিকর। গত পরশু তাই ছুটি ছিল বাংলাদেশ দলের। আজ দুপুরেও ঐচ্ছিক অনুশীলন। কারও ইচ্ছা হলে যাবে, না হলে নাই। বাংলাদেশের তিন ক্রিকেটারের অবশ্য ব্যস্ত সময় কেটেছে গতকাল। দুপুরে অনুশীলন থেকে ফিরে বিকেলে মোহাম্মদপুরের কিশলয় গার্লস স্কুল ও কলেজে যেতে হয়েছে জুনায়েদ সিদ্দিক, শাহরিয়ার নাফীস ও মাহমুদউল্লাহকে। হাতেগোনা দু-একজনকে বাদ দিলে বাংলাদেশের ক্রিকেটারদের বইটই পড়ার অভ্যাস খুব একটা আছে বলে শোনা যায়নি কখনো। তবে সবাইকে আরও বেশি করে বই পড়তে উৎ সাহিত করতেই জুনায়েদ-শাহরিয়াররা গিয়েছিলেন সেখানে।উদ্যোগটা রুম টু রিডের। এশিয়া ও আফ্রিকার শিশু-কিশোরদের পাঠাভ্যাস বাড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত অলাভজনক প্রতিষ্ঠানটি আইসিসির সঙ্গে যুক্ত হয়েছে এই বিশ্বকাপে। চিন্তাটা তো অনুমান করাই যায়—উপমহাদেশে ক্রিকেটাররা ‘রোল মডেল’। তাঁরা কিছু বললে সেটি সবাই বেশি শুনবে। নানা আয়োজনের পর সংক্ষিপ্ত বক্তব্যে শাহরিয়ার নাফীস চমৎ কার বললেন, ‘খেলোয়াড়দের যেমন খেলায় পারফেকশন আনতে প্র্যাকটিস করতে হয়, ব্রেনের পারফেকশন আনতেও প্র্যাকটিস লাগে। সেই প্র্যাকটিস হলো পড়া আর লেখা।’রুম টু রিডের জন্ম-ইতিহাসটাও জানা গেল ওখানে গিয়ে। উদ্যোক্তার নাম জন উড। এই মার্কিন ভদ্রলোক ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মাইক্রোসফটে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত অবস্থাতেই নেপালে গিয়ে দেখেন, শিশু-কিশোরদের বইটই পড়ার খুব একটা সুযোগ নেই। এটা তাঁকে এমনই নাড়া দেয় যে, এশিয়া ও আফ্রিকায় শিশু-কিশোরদের পাঠাভ্যাস বাড়াতে চাকরি ছেড়ে দিয়ে এটি নিয়ে নেমে যান। এই কাহিনি নিয়ে লিভিং মাইক্রোসফট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড নামে একটি বইও লিখেছেন।বিশ্বকাপে আইসিসি ও রুম টু রিডের এই যৌথ উদ্যোগে সহযোগী হিসেবে এগিয়ে এসেছে টুর্নামেন্টের অন্যতম স্পনসর রিলায়েন্স গ্রুপ, এই বিশ্বকাপে প্রতিটি ছক্কার জন্য ২৫ হাজার রুপির প্রতিশ্রুতি নিয়ে। আইসিসির মিডিয়া কর্মকর্তা জানালেন, একটি ছক্কায় ৩০ জন শিশু বই পড়ার সুযোগ পাবে। এরপর মজা করে বললেন, ‘বীরেন্দর শেবাগ ৫টি ছক্কা মেরেছে বলে বাংলাদেশের নিশ্চয়ই খারাপ লেগেছে। তবে এই ৫ ছক্কায় কিন্তু সোয়া লাখ রুপি জমা হয়েছে এই মহতী উদ্যোগে।’পড়াটড়ার সঙ্গে একুশে ফেব্রুয়ারি দিনটা খুব যায়। কালকের আয়োজনটা সেটি মনে রেখেই। কিন্তু বাংলাদেশ দল কীভাবে একুশে ফেব্রুয়ারি পালন করল? অধিনায়ক সাকিব আল হাসান বললেন, ‘রাতে টিভিতে লাইভ দেখে একবার শহীদ মিনারে যাওয়ার ইচ্ছা হয়েছিল। পরে ভাবলাম, যে ভিড়, আমি একা গেলে আর ফিরতে পারব না।’একা না-ই বা গেলেন। খেলা-টেলা যেহেতু ছিল না, সাকিব তো পুরো দল নিয়েই শহীদ মিনারে ফুল দিয়ে আসতে পারতেন। সেটি বিশ্বকাপে প্রেরণা জোগানোর কাজও করত বলে মনে করেন গত বিশ্বকাপের অধিনায়ক হাবিবুল বাশার। ২০০৬ সালের একুশে ফেব্রুয়ারির কথাও মনে পড়ে গেল তাঁর। বগুড়ায় পরদিন শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ। একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশ দল অনুশীলন করল জাতীয় পতাকার রঙে রাঙানো জার্সি গায়ে দিয়ে। পরে হাবিবুলের উদ্যোগে ঘুরে এল শহীদ মিনারেও। পরদিন বাংলাদেশ যে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল, সেটিকে কাকতালীয় বলতে পারেন। তবে হাবিবুল আগের দিনের একটা প্রভাব দেখেন তাতে, ‘কখনো কখনো আবেগ খুব কাজে আসে। সেবার পুরো দল মিলে শহীদ মিনারে গিয়ে আমাদের মধ্যে একটা আলাদা অনুভূতি হয়েছিল। একুশে ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চ, ষোলোই ডিসেম্বর দিনগুলো তো আমাদের কাছে খুব আবেগের। বিশ্বকাপের মধ্যে একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশ দল শহীদ মিনারে গেলে ভালোই হতো তাতে।’ভালো তো হতোই। কিন্তু বাংলাদেশ দলে এভাবে ভাবার লোক কোথায়?