ঝিলমিল আবাসিক প্রকল্পের আবেদন গ্রহণ ১ জুন
রাজধানীর কেরানীগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। এই প্রকল্পে আড়াই, তিন ও পাঁচ কাঠা আয়তনের কমবেশি এক হাজার ২০০টি প্লট দেওয়া হবে।প্রকল্পে ক্ষতিগ্রস্তরা কেবল আড়াই কাঠা আয়তনের প্লটের জন্য আবেদন করতে পারবেন। জুনের ১ তারিখ থেকে এ আবেদনপত্র পাওয়া যাবে। জমা দেওয়ার শেষ তারিখ আগস্ট মাসের ২৫ তারিখ। রাজউকের ওয়েবসাইট (www.rajukdhaka.gov.bd) থেকে আবেদনপত্রের ফরম ও নির্দেশিকা সংগ্রহ করা যাবে।বাংলাদেশি আবেদনকারীদের আড়াই কাঠা প্লটের জন্য এক লাখ টাকা, তিন কাঠা প্লটের জন্য দেড় লাখ টাকা ও পাঁচ কাঠার জন্য আড়াই লাখ টাকা জমা দিতে হবে। অন্যদিকে প্রবাসী আবেদনকারীদের আড়াই কাঠা প্লটের জন্য এক হাজার ৪০০ ডলার, তিন কাঠার জন্য দুই হাজার ১০০ ডলার ও পাঁচ কাঠার জন্য তিন হাজার ৫০০ ডলার জমা দিতে হবে।আবেদনকারীর বয়স ২০১১ সালের ১ জুন পর্যন্ত ন্যূনতম ২৫ বছর হতে হবে।নীতিমালা অনুযায়ী ২০টি শ্রেণী ও উপশ্রেণীতে প্লট বরাদ্দ দেওয়া হবে। এগুলোর মধ্যে রয়েছে মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদ, মুক্তিযোদ্ধা, সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী-শিল্পপতি, বৈদেশিক মুদ্রা অর্জনকারী, সাংবাদিক (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), কৃষিবিদ, প্রকৌশলী ও স্থপতি, চিকিৎসক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও বিবিধ। এ ছাড়া ১০ শতাংশ সংরক্ষিত কোটা রাখা হবে।