ঝুঁকি নিয়ে আর অতিরিক্ত ভাড়া গুনে লঞ্চে ঢাকা ছাড়ছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকি নিয়ে আর অতিরিক্ত ভাড়া গুনে গতকাল রোববারও লঞ্চে ঢাকা ছেড়েছে ঈদে ঘরমুখী মানুষ। নৌপরিবহনমন্ত্রীর ঘোষণা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আহ্বান এ চিত্রের বেশির ভাগই বদলাতে পারেনি।গতকাল ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছিল, ঈদ দোরগোড়ায়। এক দিন আগে শনিবারও তা মনে হয়নি। গতকাল সকাল থেকেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। লঞ্চ ছাড়ার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই অনেকে পরিবারসহ চলে আসেন ভালোভাবে বসার আশায়। অনেকে জানান, পবিত্র শবে কদরের নামাজ ঢাকায় আদায় করার জন্য তাঁরা আগে যাননি। যাত্রীর ভিড়ে টার্মিনাল ও পন্টুন ছিল সারা দিন সরগরম। যাত্রী ভরে যাওয়ায় বেলা তিনটার মধ্যে চাঁদপুর, বরগুনা, পটুয়াখালীসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে সদরঘাট ছেড়ে যায় ৩৫টি বড় লঞ্চ।বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) মাহবুবুল আলম বলেন, সাধারণভাবে ৪০ থেকে ৫০টি বড় লঞ্চ চলাচল করলেও ঈদ উপলক্ষে শতাধিক লঞ্চ চলাচল করবে। তার শুরু গতকাল হয়েছে এবং পুরোদমে চলবে আজ সোমবার থেকে।গতকালও বেশ কয়েকটি লঞ্চকে ছাদে যাত্রী নিয়ে টার্মিনাল ছাড়তে দেখা গেছে। পাটাতনেও ছিল অতিরিক্ত যাত্রী। ছিল মালামাল। এ ছাড়া নৌকাযোগে আসা যাত্রীদের মাঝনদী থেকেও ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে তোলা হয়েছে। মানুষও উঠছে ঝুঁকি নিয়ে।বরগুনাগামী বন্ধন-৭ লঞ্চের ছাদে বেশ কয়েকজন যাত্রীকে দেখা যায়। নিষেধ সত্ত্বেও ছাদে যাত্রী কেন—জানতে চাইলে ওই লঞ্চের কর্মচারী সেলিম ভূঁইয়া বলেন, ‘মানা করলেও যাত্রীরা শোনে না।’ আরও কয়েকটি লঞ্চের ছাদে যাত্রী দেখা যায়।দুপুর ১২টার দিকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া সদরঘাট টার্মিনালে এসে ছাদে বা পাটাতনে (ডেক) অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই না করার জন্য বিভিন্ন লঞ্চ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। মাঝনদী থেকে যাত্রী ওঠানোর সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই হাতে ধরে এমন দুর্ঘটনা ডেকে না আনারও আহ্বান জানান তিনি। লঞ্চমালিকদের সমিতি অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী ও পরিবহন) সংস্থার ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান এ সময় মালেক মিয়ার কথায় সায় দেন। কিন্তু কিছু লঞ্চ এ অনুরোধ ও আহ্বানে সাড়া না দিয়ে আগের মতোই ঢাকা ছেড়েছে।বিকেল সাড়ে চারটার দিকে সদরঘাট টার্মিনালে যান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি ঘোষণা দেন, লঞ্চের ছাদে যাতে যাত্রী উঠতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ছাদে ওঠার সিঁড়িও কেটে ফেলা হয়েছে। মাঝনদীতে নৌকা থেকে লঞ্চে যাতে যাত্রী উঠতে না পারে, তারও ব্যবস্থা হচ্ছে। যেসব লঞ্চ বেশি ভাড়া নিচ্ছে, ঈদের পর সেগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।তবে বিকেল সাড়ে পাঁচটায় পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে দাঁড়িয়ে দেখা যায়, সদরঘাট থেকে ছেড়ে আসা বরগুনাগামী এম ভি বন্ধন-৭ লঞ্চের ছাদেও যাত্রী ভর্তি।নৌপরিবহনমন্ত্রী সাংবাদিকদের জানান, অতিরিক্ত ভিড় এড়াতে তৈরি পোশাক কারখানার কর্মীদের দুই দিন আগে ছুটি দেওয়ার জন্য তিনি মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সাতটি স্টিমার চালু রয়েছে। আগে ছিল চারটি।গতকালও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বরগুনার আমতলীগামী এম ভি কর্ণফুলী লঞ্চের কেবিনের ভাড়া সাড়ে ৬০০ টাকার স্থলে এক হাজার ৪০০ এবং ডাবল কেবিনের ভাড়া এক হাজার টাকার স্থলে এক হাজার ৭০০ টাকা নেওয়ার অভিযোগ করেন খিলগাঁওয়ের মিজান মিয়াসহ কয়েকজন। সৈকত-২-এর মাস্টারের কেবিনও দেড় হাজার টাকায় ভাড়া দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।