ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অত্যন্ত ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। সৈয়দপুর-চিলাহাটি পথের ট্রেনগুলো গতি বাড়াতে পারছে না। রেলপথের স্লিপার ফাঁকা ফাঁকা, কোথাও আবার মরিচা পড়া। অথচ এ পথের ৫৭ কিলোমিটার রেলপথ সংস্কারের জন্য এক বছর আগে দরপত্র ডাকা হয়। কার্যাদেশও দেওয়া হয় এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু প্রতিষ্ঠানটির অনীহায় শুরু হচ্ছে না এর সংস্কারকাজ।পশ্চিমাঞ্চলের সৈয়দপুর রেলপথ বিভাগে সৈয়দপুর-চিলাহাটি সেকশনের জরাজীর্ণ ৫৭ কিলোমিটার রেলপথ ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ রুটে ট্রেন চলাচলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও প্রতিদিন একটি আন্তনগর ট্রেনসহ চলাচল করছে তিনটি ট্রেন। ঝুঁকি থাকায় কমপক্ষে আরও চারটি আন্তনগর ট্রেনের গন্তব্য পুনর্নির্ধারণ করে সৈয়দপুর থেকে চালাতে হচ্ছে।সূত্রটি জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ে এ বছর জানুয়ারি মাসে এ রুটটি সংস্কারে দরপত্র আহ্বান করে। রেলপথটির সংস্কারকাজ পায় মাইক্রোম্যাক্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ফেব্রুয়ারি মাসে তাদের কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে প্রতিষ্ঠানটি এ রুটে কাজ করতে অনীহা প্রকাশ করে। যোগাযোগ করেও এর কোনো কর্মকর্তা-কর্মচারীর সন্ধান মেলেনি।সূত্রটি জানায়, রেলপথ উন্নয়নে ১৪৭ কোটি টাকার প্রকল্পের মধ্যে রয়েছে রেললাইন পরিবর্তন, আধুনিক মানের কংক্রিট স্লিপার বসানো, চিলাহাটি স্টেশনে ইন্সপেকশন ট্রাক ও ওয়াশপিট স্থাপন। এ ছাড়া অন্য একটি প্রকল্পের আওতায় রেলওয়ের ভূমি বিভাগের (আইওডব্লিউ) অধীনে প্রায় এক কোটি টাকা ব্যয়ে চিলাহাটি, ডোমার, তরণীবাড়ী, মির্জাগঞ্জ, নীলফামারী, নীলফামারী কলেজ, দারোয়ানী ও খয়রাতনগর স্টেশনের প্ল্যাটফরম মেরামত এবং যাত্রীছাউনির নির্মাণকাজ হাতে নেওয়া হয়েছে।সৈয়দপুর থেকে প্রায় প্রতিদিনই ট্রেনে ডোমারে যাতায়াত করেন ময়নুল হোসেন। তিনি জানান, এ পথে ট্রেনে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হেলেদুলে ট্রেন চলে। আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। এ রুটে চলাচলকারী ট্রেনের এক চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, জরাজীর্ণ রেলপথের কারণে কোনোক্রমেই ট্রেনে গতি ৪০ কিলোমিটারের ওপরে নেওয়া যায় না। কর্তৃপক্ষ ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করে দিয়েছে। তিনি বলেন, রেলপথ সংস্কার হলে ওই গতি ১০০ কিলোমিটারে উন্নীত করা যাবে। তখন দ্রুতগতির ট্রেন চলতে পারবে এ রুটে।সৈয়দপুর রেলপথ বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মকবুল হোসেন বলেন, ‘আশা করি মাইক্রোম্যাক্স দ্রুত এ রেলরুটের সংস্কারকাজে হাত দেবে।’নীলফামারী-১ আসনের সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী জানান, সৈয়দপুর-চিলাহাটির রেলপথ সংস্কার করা হলে অবহেলিত নীলফামারী অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটবে।চিলাহাটি দিয়ে ভারতকে ট্রানজিট রেল চালানোর সুযোগ দিতে খুব শিগগির রেলপথ সংস্কার করা হবে বলে যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।