পটুয়াখালীতে ১০ বছরেও তেলীখালী সেতু নির্মিত হয়নি
ঝুঁকি নিয়ে বিকল্প বেইলি সেতু দিয়ে চলাচল করছে যানবাহন
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তেলীখালী নদীর ওপর দীর্ঘ ১০ বছরেও সেতু নির্মাণ করা হয়নি। ফলে বিকল্প বেইলি সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। বর্তমানে এই সেতুটিও চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালে বরিশাল-পটুয়াখালী সড়ক নির্মাণ করা হয়। তখন যানবাহনগুলো ফেরির সাহায্যে তেলীখালী নদী পারাপার হতো। আশির দশকে তেলীখালী নদীর ওপর একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। ধীরে ধীরে সড়কটি বরগুনা, কলাপাড়া ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত যাতায়াতের একমাত্র পথ হিসেবে ব্যবহার হয়। ১৯৯৯ সালে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সওজ বিভাগ এই সেতু দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং তাৎক্ষণিকভাবে মূল সেতুর পূর্ব পাশ দিয়ে একটি বিকল্প সেতু তৈরি করে। পরে ১৯৯৯-২০০০ অর্থবছরে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সড়ক যোগাযোগ আরও উন্নত ও সহজ করতে পটুয়াখালী শহর থেকে চার কিলোমিটার উত্তরে তেলীখালী সেতু এবং আট কিলোমিটার উত্তরে মৌকরণ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রতিটি সেতুর নির্মাণে ব্যয় ধরা হয় ৯০ লাখ ২৮ হাজার ২৮৪ টাকা। কিন্তু মৌকরণ সেতু নির্মাণ হলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় তেলীখালী সেতু নির্মাণ করা হয়নি। এরপর সেতু নির্মাণ হয় হচ্ছে বলে প্রায় চার বছর পেরিয়ে যায়। ২০০৫ সালে আবার তেলীখালী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরপর আর কাজ এগোয়নি। তেলীখালী সেতুর দক্ষিণ পাড়ের বাসিন্দা মোসলেম গাজী বলেন, ‘এই সেতু দিয়া দুইটি বাস একত্রে যাতায়াত করতে পারে না। একটি গাড়ি উঠলেই পথচারীদের ঝুঁকি নিয়ে চলতে হয়। এ ছাড়া সেতু দিয়ে যানবাহন চলাচলের সময় বিকট শব্দ হয়। মনে হয় এই বুঝি সেতু ভেঙে গাড়িগুলো নদীতে পড়ে যাচ্ছে। জরুরি ভিত্তিতে এইখানে পাকা সেতু নির্মাণ করা দরকার।’ বাসচালক ছিদ্দিকুর রহমান, আবুল কালাম ও আবদুল ছত্তার জানান, তেলীখালী বিকল্প সেতু এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন অসংখ্য যানবাহন এই সেতু দিয়ে যাতায়াত করে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বড় কোনো দুর্ঘটনা এড়াতে তেলীখালীতে একটি সেতু নির্মাণ দরকার।পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলু মৃধা বলেন, ‘জরুরি ভিত্তিতে সেতু মেরামত করা না হলে যেকোনো সময়ে পটুয়াখালীর সঙ্গে কুয়াকাটার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।’পটুয়াখালী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শওকত আলী বলেন, ‘তেলীখালী বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখানে প্রিটেস্ট আরসিসি গার্ডার সুপার স্টেকচার সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেতু নির্মাণকাজের প্রাক্কলন অনুমোদনের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর চিঠি পাঠানো হয়েছে।’