ঝুঁকি নিয়ে যাত্রী বহন, রিয়াদে তিন ঘণ্টা বিমান আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের জন্য নাইজেরিয়া থেকে ভাড়ায় আনা সেই উড়োজাহাজটির কারণে এবার সৌদি আরবের রিয়াদে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। গতকাল মঙ্গলবার নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা পর উড়োজাহাজটি (বিজি-০৫০) ঢাকা আসে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নাইজেরিয়ার কাবো এয়ারলাইনস থেকে ভাড়া করা উড়োজাহাজটি (বোয়িং ৭৪৭) রিয়াদ থেকে যাত্রী নিয়ে গতকাল স্থানীয় সময় বেলা দেড়টায় যাত্রা করার কথা ছিল। ওই ফ্লাইটে ঢাকাগামী ৫৩৮ জন যাত্রী ছিল। কিন্তু উড়োজাহাজটি দুটি যন্ত্রাংশ ‘রেম এয়ার টারবাইন—আরএটি’ ও ‘অক্সিলারি পাওয়ার ইউনিটে’ ত্রুটি নিয়েই ফ্লাইট পরিচালনা করছিল। আরএটিতে ত্রুটি থাকলে ধারণ ক্ষমতার পুরোপুরি যাত্রী বহন করা ঝুঁকিপূর্ণ বিধায় উড়োজাহাজটির বিদেশি বৈমানিক ক্যাপ্টেন পেড্ডি ৫০ জন যাত্রী নামিয়ে দিতে বলেন। এ নিয়ে সংকট দেখা দিলে পরে কাবোর ওই উড়োজাহাজের স্থানীয় এজেন্ট ঝুঁকি নিয়ে হলেও সব যাত্রীকে নিয়ে আসতে বলে।এ অবস্থায় উড়োজাহাজটি জ্বালানি নিতে গেলে দেখা দেয় আরেক বিপত্তি। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষ জ্বালানি দিতে অস্বীকৃতি জানায়। তারা আগে বাংলাদেশ বিমানের বকেয়া পরিশোধ করতে বলে। পরে অনেক দেনদরবার করে বিমান কর্তৃপক্ষ জ্বালানি নিতে সক্ষম হয়। এতে সময়মতো ফ্লাইট ছাড়া যায়নি। নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা পাঁচ মিনিট পর উড়োজাহাজটি যাত্রা করে।গত রাতে টেলিফোনে জানতে চাইলে রিয়াদে বিমানের স্টেশন ম্যানেজার আবদুল করিম প্রথম আলোকে বলেন, জ্বালানি নিতে একটু দেরি হওয়ায় ফ্লাইট বিলম্বিত হয়েছে। সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা বলেন, ৫০ জন যাত্রী নামিয়ে দেওয়ার কথা বললেও পরে ঝুঁকি নিয়ে তাদের নেওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটি নিয়ে কীভাবে উড়োজাহাজটি ফ্লাইট পরিচালনায় যুক্ত হলো, সেটি দেখার দায়িত্ব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের।প্রসঙ্গত, গত বছর হজের জন্য কাবো থেকে এ উড়োজাহাজটি ভাড়া করা হয়। ভাড়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ছিল তখনই। হজ শেষ হওয়ার চার মাস পরও উচ্চ ভাড়ায় সেটি রেখে দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিমানের নিজস্ব উড়োজাহাজ বসিয়ে রেখে ভাড়ার এই উড়োজাহাজ দিয়ে বেশি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।