ঝুঁকি নিয়ে শহরে ঢুকতে হয় ১১ গ্রামের মানুষকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১টি গ্রামের মানুষকে রংপুর শহরে ঝুঁকি নিয়ে প্রবেশ করতে হয়। সেই সঙ্গে প্রতিদিনই ভাঙা সেতুর মধ্যে পড়ে আহত হওয়ার খবরও মিলছে। দীর্ঘ দেড় বছর থেকে মেরামতের কোনো উদ্যোগ না থাকায় এই সেতু দিয়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।জানা যায়, এই সেতুর ওপর দিয়ে জেলার সদর উপজেলার পরশুরাম ও তপোধন ইউনিয়নের ১১টি গ্রামের মানুষকে শহরের মধ্যে প্রবেশ করতে হয়। গ্রামগুলো হলো পরশুরাম ইউনিয়নের জলছত্র, বুড়াইল, চওড়াহাট, কুকরুল, বালাকুমার ও হারাটি এবং তপোধন ইউনিয়নের বেনুঘাট, ময়নাকুঠি, হৈরম্মল, খলিসাকুড়ি ও চিলমন। রংপুর শহরের পশ্চিম জুম্মাপাড়ার পৌর এলাকার শেষপ্রান্তে ও পরশুরাম ইউনিয়নের আমাশু গ্রামের মধ্যে সেতুটি অবস্থিত। সরেজমিন দেখা যায়, একটি খালের ওপর এই সেতুর অবস্থা খুবই নাজুক। সেতুর মধ্যখানে বিরাট একটি অংশ ভেঙে গেছে। স্থানীয় লোকজন জানান, প্রথম দিকে স্থানটুকু কিছুটা ছোট ছিল। এখন তা একটু একটু করে বাড়তে বাড়তে বিপজ্জনক হয়ে উঠেছে। লোকজন এই ভাঙা অংশের মধ্যে লাল পতাকা কিংবা গাছের ডাল ফেলে রাখলেও ঝুঁকিপূর্ণ দশা তেমন একটা কমে না বলে এলাকাবাসী জানালেন।এদিকে এই গ্রামগুলোতে সবজিসহ অন্যান্য রবিফসল আবাদ হয়ে থাকে। এসব সবজি শহরের পৌর বাজারে নিয়ে যাওয়ার প্রধান পথ হলো এই সেতু। তবে এই সেতু ব্যবহার না করতে চাইলে তিন থেকে পাঁচ কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। তাই ঝুঁকি নিয়ে লোকজন এই সেতুই ব্যবহার করছে। তপোধন ইউনিয়নের বেনুঘাট এলাকার শিক্ষক আবুল হোসেন বলেন, দিনের বেলা কোনো রকমে চলাচল করা গেলেও রাতের অন্ধকারে খুব সাবধানে সেতু পার হতে হয়। একই ইউনিয়নের চওড়াহাট এলাকার চিকিৎসক খগেনচন্দ্র নাথ বলেন, গ্রামের উন্নয়নের কথা বলা হলেও সামান্য এই সেতুর এমন বেহাল অবস্থাই দূর করা হচ্ছে না। কুকরুল গ্রামের আইনজীবী হারুন-অর-রশিদ বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে এই সেতু মেরামতের জন্য ইউনিয়ন পরিষদের মেম্বার-চেয়ারম্যানকে অনেক বলা হয়েছে। হারাটির সমাজসেবক গৌতম কুমার রায় বলেন, ‘মোটরসাইকেলে যেতে এই সেতুর ভাঙা স্থানে কয়েকবার পড়ে গিয়েছি।’ নিউ জুম্মাপাড়ার পাকার মাথার রশিদুল আলম বলেন, ‘আমার বাড়ির পাশেই এই সেতুটি হওয়ায় কোনো কিছু ঘটলে আমাকেই ছুটে যেতে হয়।’পরশুরাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন সেতুর বেহাল দশায় জনগণের নানা দুর্ভোগের কথা স্বীকার করে বলেছেন, সেতুটি নতুন করে তৈরি হওয়া প্রয়োজন। পরশুরাম ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক বলেন, অর্থ বরাদ্দ না থাকায় এই সেতুটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। তপোধন ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম বলেন, এই সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এদিকে এই সেতু দিয়ে শহরে প্রবেশ করতেই পৌরসভার জুম্মাপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেকেন্দার আলী বলেন, এই সেতুর ওপর দিয়ে ওই এলাকার হাজার হাজার মানুষের চলাচলে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তা অবিলম্বে সংস্কার করার দাবি জানান তিনি।