ঝুঁকি নেওয়ার দরকার ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে বিদ্যমান কাঠামোর পরিবর্তে দুটি আলাদা সিটি করপোরেশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে সরকার একটি বড় ধরনের রাজনৈতিক-প্রশাসনিক ঝুঁকি নিয়েছে। নগরবাসীর জন্য সিটি করপোরেশনের সেবার মান বাড়াতে এ ধরনের ঝুঁকি নেওয়ার কোনো দরকার ছিল না। প্রায় সাড়ে নয় বছর নির্বাচন না করে সরকার এখন এটা কী এবং কেন করতে যাচ্ছে, তা ঠিক বোঝা যাচ্ছে না। অপেক্ষাকৃত ছোট হলেও দুটি সিটি করপোরেশনের জন্য জনবল ও সম্পদ বণ্টন খুব একটা নির্বিঘ্ন হবে না। আর সেবার মান একটা প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এর সঙ্গে করপোরেশনের ছোট-বড়র সম্পর্ক কম।সিটি করপোরেশন একটির স্থলে দুটি করলেও বর্তমানের মতোই কেন্দ্রীভূত থাকবে। এখন একটি করপোরেশনে কেন্দ্রীভূত আছে। তখন দুটিতে কেন্দ্রীভূত থাকবে। এর চেয়ে বরং বর্তমানে ঢাকা সিটি করপোরেশনের যে আঞ্চলিক কার্যালয়গুলো রয়েছে সেগুলোর ক্ষমতায়ন করলে ভালো ফল পাওয়া যেত।সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের গণতন্ত্রায়নের জন্য আইনের কিছু সংস্কার অত্যন্ত জরুরি। কিন্তু ঢাকায় দুটি সিটি করপোরেশন করার জন্য যে আইনটি করা হচ্ছে, সেটি আরও অগণতান্ত্রিক হবে বলেই মনে হচ্ছে।পৃথিবীতে সিটি গভর্নেন্সের অনেকগুলো মডেল আছে। তবে একটি নগরে একাধিক সিটি করপোরেশন—এমন মডেল এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি। ঢাকা সিটি করপোরেশনের সেবার মান উন্নয়ন ও ঢাকা মহানগরে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য সরকার করণীয় নির্ধারণে কোনো একটি বিশেষজ্ঞ কমিটি বা কমিশনের সুপারিশ নিতে পারত।ড. তোফায়েল আহমেদ: স্থানীয় সরকার বিশেষজ্ঞ