ঝুঁকি বিবেচনায় নিয়েই শক্তি দেখাল জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংগঠনিক সিদ্ধান্ত ও সহিংসতার প্রস্তুতি নিয়েই সোমবার মাঠে নেমেছিল জামায়াত।পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের ঝুঁকিসহ পরে সম্ভাব্য কী কী পরিস্থিতির মুখে পড়তে হবে, মাঠে নামার আগে এ নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেয় দলটি। জামায়াতের একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর কাছে তা স্বীকারও করেন। তিনি বলেন, এ টি এম আজহারুল ইসলামসহ জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরের গুরুত্বপূর্ণ নেতারা গ্রেপ্তার হতে পারেন, তা দলের নীতিনির্ধারকদের বিবেচনায় ছিল। সবকিছু চিন্তাভাবনা করেই মাঠে নামা হয়েছিল। এ ছাড়া আর কোনো বিকল্প ছিল না।দলটির অন্য একটি সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া শুরুর পর চাপে পড়া দলটি ঘুরে দাঁড়াতে অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। দলের পাঁচ শীর্ষ নেতার গ্রেপ্তারের পর থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে কর্মীদেরও চাপ ছিল। তাই দলটি সিদ্ধান্ত নিয়েই গত সোমবার নিজেদের শক্তি-সামর্থ্যের জানান দিতে মাঠে নামে। একই সঙ্গে নেতা-কর্মীদের চাঙা করারও পরিকল্পনা আছে।জানতে চাইলে জামায়াতের ঢাকা মহানগর শাখার প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মাসুদও তা স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অত্যাচারের তো একটা সীমা আছে। কর্মীরা আর কত ধৈর্য ধরবে। জনমতের দাবি আর কত উপেক্ষা করা যায়।’দলীয় সূত্র জানায়, পরিস্থিতি যা-ই হোক, সরকারবিরোধী কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। তাই জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই গতকাল একই পদে নতুন নেতা নিয়োগ দিয়েছে দলটি।দলের একজন কেন্দ্রীয় নেতা সোমবারের ঘটনার উল্লেখ করে বলেন, ‘প্রয়োজন হলে “শহীদ” হওয়ার জন্যও প্রস্তুত ছিলেন নেতা-কর্মীরা।’ এ প্রসঙ্গে তিনি সোমবার রাতে গ্রেপ্তার হওয়া এ টি এম আজহারের দেওয়া একটি বক্তব্য স্মরণ করিয়ে দেন।এ টি এম আজহার ১১ সেপ্টেম্বর পুরানা পল্টনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বলেছিলেন, ‘প্রয়োজনে শহীদ হব, জেলে যাব; তার পরও রাজপথে থেকে অধিকার আদায় করে ছাড়ব। ঘরে-অফিসে থাকতে পারি না, রাজপথে নামলে পুলিশের নির্যাতন—এমন অমানবিক জীবন আর সহ্য করতে চাই না।’নতুন ভারপ্রাপ্ত সেক্রেটারি নিয়োগ: গতকাল মঙ্গলবার জামায়াতের নতুন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শফিকুর রহমানকে। এ টি এম আজহার গ্রেপ্তার হওয়ার পর তাঁকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়।দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।দলীয় সূত্র জানায়, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ নিয়োগ চূড়ান্ত করেন। শফিকুর রহমান দলের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। সম্প্রতি তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হন। শফিকুর রহমান সিলেট মহানগর জামায়াতেরও আমির ছিলেন। তিনি পেশায় চিকিৎসক।জামায়াতের কার্যালয় নেতা-কর্মীশূন্য: সোমবার রাতে গ্রেপ্তার অভিযান পরিচালনার পর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ও পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয় নেতা-কর্মীশূন্য হয়ে পড়েছে।গতকাল কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়ে কোনো নেতা আসেননি। পুরানা পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ও ছিল তালাবদ্ধ।দলের শীর্ষ ও মধ্যমসারির গুরুত্বপূর্ণ নেতারা আত্মগোপন করে আছেন। মুঠোফোনও বন্ধ করে রেখেছেন এসব নেতা।দলের ভারপ্রাপ্ত আমিরের মুঠোফোনটি সচল থাকলেও সেটি তিনি ধরেন না। তাঁর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তি ফোন ধরেন। তিনি বলেন, ‘তিনি কোথায় আছেন, তা আমি জানি না।’দলটির একজন নেতা বলেন, পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা জামায়াত-শিবিরের নেতাদের সন্ধানে তাঁদের আত্মীয়স্বজনের বাসায়ও অভিযান চালাচ্ছে।ঝটিকা মিছিল: মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গতকাল রাজধানীতে তিনটি ঝটিকা মিছিল করে জামায়াত ও ছাত্রশিবির।শিবির সকাল সাড়ে ১০টায় রাজধানী ফকিরেরপুল কাঁচাবাজারের সামনে থেকে মিছিল বের করে আরামবাগ মোড়ে গিয়ে শেষ করে। শিবিরের সভাপতি ফখরুদ্দিন মানিক মিছিলে নেতৃত্ব দেন। পুলিশ আসার আগে তাঁরা রাস্তা থেকে সরে যান। এ ছাড়া বেলা সাড়ে তিনটায় সায়েদাবাদ এলাকায় ও বিকেল পাঁচটায় মিরপুর গোলচত্বরের কাছ থেকে জামায়াত খণ্ড মিছিল বের করে।